প্রবাসীদের কাছে পৌঁছাল ৩ লাখ ৩৮ হাজার পোস্টাল ব্যালট

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১:০২ অপরাহ্ণ
প্রবাসীদের কাছে পৌঁছাল ৩ লাখ ৩৮ হাজার পোস্টাল ব্যালট

সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে গত ৯ দিনে বিশ্বের বিভিন্ন দেশে তিন লাখ ৩৮ হাজার ৬৯৭ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) ও এর আগের আট দিনে এসব ব্যালট পাঠানো হয় বলে বাসসকে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান।

সালীম আহমাদ খান জানান, প্রবাসীদের নিবন্ধনের সংখ্যা ছয় লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়া দেশে অবস্থানরত সরকারি চাকরিজীবী, নির্বাচনি দায়িত্ব পালনকারী কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের ইন-কান্ট্রি পোস্টাল ভোটের নিবন্ধন সংখ্যা ১০ লাখ পর্যন্ত হতে পারে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা যায়, গতকাল শনিবার শুধু সৌদি আরবেই ৪৫ হাজার ৫৫০টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

এর আগে গত শুক্রবার (২৬ ডিসেম্বর) বিভিন্ন দেশের প্রবাসীদের কাছে পাঠানো হয় ৫৭ হাজার ৩৬০টি ব্যালট। এর মধ্যে সৌদি আরবে সর্বোচ্চ ২২ হাজার পোস্টাল ব্যালট পাঠানো হয়।

এছাড়া, গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে ১০ হাজার ৯৯৯টি, যুক্তরাজ্যে তিন হাজার ৫০০টি, কুয়েতে ৯০০টি এবং সৌদি আরবে ১৭ হাজার ৫০০টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।