সিরাজগঞ্জ শহরের কলেজছাত্রকে প্রকাশ্য কুপিয়ে হত্যা

বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১১:১০ অপরাহ্ণ
সিরাজগঞ্জ শহরের কলেজছাত্রকে প্রকাশ্য কুপিয়ে হত্যা

িরাজগঞ্জ শহরে প্রকাশ্য দিবালোকে আব্দুর রহমান রিয়াদ (১৮) নামে এক কলেজ ছাত্রকে দেশীয় অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

রবিবার বিকেল ৫ টার দিকে শহরের চৌরাস্তা মোড় এলাকায় বাহিরগোলা রোডে তার উপর হামলার ঘটনা ঘটে। রাতে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুর রহমান রিয়াদ শহরের সয়া ধানগড়া খাঁ পাড়া মহল্লার মো. রেজাউল করিমের ছেলে। তিনি ইসলামিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় ভাইরাল হওয়া সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় চৌরাস্তা মোড়ে বাহিরগোলা রোডে একটি সিএনজি চালিত অটোরিকশায় বসেছিলেন রিয়াদ। এ সময় বিভিন্ন দিক থেকে বেশ কয়েকজন তরুণ এসে অটোরিকশার ভেতরেই তাকে উপুর্যুপুরি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত রিয়াদকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

সদর থানার উপ-পরিদর্শক প্রনয় কুমার জানান, বিকেল ৫ টার দিকে চা-পাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে কলেজ ছাত্র রিয়াদকে কুপিয়ে জখম করে। রাতে তার মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ও হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্তপূর্বক গ্রেপ্তারের চেষ্টা চলছে ।