নন্দীগ্রামে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফমর জমা দিলেন সকল দলের মনোনীত প্রার্থীরা

নন্দীগ্রাম প্রতিনিধি ( বগুড়া )ঃ
প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১১:১৯ অপরাহ্ণ
নন্দীগ্রামে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফমর জমা দিলেন সকল দলের মনোনীত প্রার্থীরা

গুড়ার নন্দীগ্রামে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আরা’র কার্যালয়ে আলহাজ্ব মোশারফ হোসেন স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারাণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার, সাধরাণ সম্পাদক শফিউল আলম সুমন। এর আগে সকালে তিনি কাহালুতে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব মরহুম আজিজুল হক মোল্লার কবর জিয়ারত করেন। এরপর কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এবং দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এবং বাদ যোহর নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল গ্রামে তার পিতা-মাতার কবর জিয়ারত শেষে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে ড. মোস্তফা ফয়সাল পারভেজ নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আরা’র নিকট মনোনয়ন ফরম দাখিল করেন। এসময় বগুড়া জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, প্রভাষক হোসাইন মোহাম্মদ মানিক উপস্থিত ছিলেন। এছাড়াও ইসলামী আন্দোলনের প্রার্থী ইদ্রিস আলী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

উপজেলার নির্বাচন অফিসার তাজুল ইসলাম জানান, বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট চার জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে সোমবার (২৯ ডিসেম্বর) বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। তবে বাংলদেশ কংগ্রেস পার্টির প্রার্থী আব্দুল জলিল জোয়ারদার মনোনয়ন পত্র জমা দেননি।