যশোরে মনোনয়নপত্র জমা না নেওয়ায় সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি যশোর ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৭ অপরাহ্ণ
যশোরে মনোনয়নপত্র জমা না নেওয়ায় সংবাদ সম্মেলন

্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়ায় অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীরা যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে যশোর-৬ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী জেসিনা মুশীদ প্রাপ্তি লিখিত বক্তব্য পাঠ করেন ।

তিনি বলেন, যশোরের ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা গত ২৯ ডিসেম্বর ২০২৫ মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়ের আগেই রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হন। তবে দীর্ঘ সময় অপেক্ষা করলেও তাঁদের মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি, অথচ একই সময়ে বড় রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ চলছিল।

তিনি আরও বলেন, বিকেল ৫টায় রিটার্নিং অফিসারের পক্ষ থেকে জানানো হয়, যে সকল প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করা হবে। কিন্তু বিকেল ৫টা ৪০ মিনিটে তাদের জানানো হয় যে মনোনয়নপত্র আর গ্রহণ করা হবে না। অথচ বিকেল ৫টা ৩৫ মিনিট পর্যন্ত অন্য প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেএসডির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর-৪ আসনের প্রার্থী আবু মুসা, গণ অধিকার পরিষদের যশোর-৪ আসনের প্রার্থী কালাম গাজি, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি হুমায়ুন কবির মুরাদ এবং সংগঠনের সাধারণ সম্পাদক তারেক হোসেন।