খালেদা জিয়ার তিনটি আসনে বিএনপির প্রার্থী যারা

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
খালেদা জিয়ার তিনটি আসনে বিএনপির প্রার্থী যারা

িএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য নির্ধারিত তিনটি আসনে ধানের শীষের বিকল্প প্রার্থীরাই দলটির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এমনটাই জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো সুযোগ নেই জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনে সে সুযোগ নেই। বাছাই ও প্রতীক বরাদ্দের পর এমন ঘটনা ঘটলে আইনি জটিলতার কারণে স্থগিতের প্রশ্ন আসতে পারত।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ার কারণে সংশ্লিষ্ট তিনটি আসনে বিকল্প প্রার্থীদের মনোনয়ন কার্যকর থাকবে। ফলে তারাই নির্বাচনে অংশ নেবেন।

তিনি জানান, খালেদা জিয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হওয়ার কথা ছিল। তবে তার অসুস্থতার কারণে আগেই এসব আসনে বিকল্প প্রার্থী মনোনয়ন দেওয়া হয়।

এর মধ্যে ফেনী-১ আসনে রফিকুল আলম মজনু, বগুড়া-৭ আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির মনোনয়ন পেয়েছেন। এসব আসনে এখন তারাই বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান দলটির স্থায়ী কমিটির এ সদস্য।