সবার সহমর্মিতা আমাদের হৃদয় স্পর্শ করেছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ
সবার সহমর্মিতা আমাদের হৃদয় স্পর্শ করেছে: তারেক রহমান

িএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনে সহযোগিতার জন্য দায়িত্ব পালনরত সবাইকে নিজের ও পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন তার সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ ১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার কিছু আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তারেক রহমান। পোস্টে তিনি বলেন, গভীর শোকের এই সময়ে দেশবাসী এবং দায়িত্ব পালনরত সংশ্লিষ্ট সবার সহমর্মিতা, সম্মান ও দায়িত্ববোধ তাদের হৃদয় স্পর্শ করেছে। তারেক রহমান তার পোস্টে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিশেষভাবে ধন্যবাদ জানান। তিনি বলেন, তারা শুধু শৃঙ্খলা বজায় রাখেননি, বরং শোকময় পরিবেশেও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং লাখো মানুষকে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে জানাজায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন।

এছাড়া নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, র‍্যাব এবং এপিবিএন সদস্যদের নাম উল্লেখ করে তিনি বলেন, তাদের ধৈর্য, সততা ও পেশাদারিত্বের কারণে লক্ষাধিক মানুষ নিরাপদে সমবেত হয়ে শ্রদ্ধা জানাতে পেরেছেন এবং শান্তিপূর্ণভাবে ফিরে গেছেন।

তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও, ডিজি এসএসএফ, গৃহায়ণ ও গণপূর্ত, তথ্য ও সম্প্রচার, আইন, বিচার ও সংসদ বিষয়ক, সংস্কৃতি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কর্মকর্তা-কর্মচারীদের অবদানও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তারেক রহমান জানান, যাদের কাজ অনেক সময় দৃশ্যমান হয় না ডিজিএফআই, এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের সদস্যদের সতর্কতা ও নিষ্ঠার কারণেই দিনটি নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, তাদের আন্তরিক প্রচেষ্টার কারণে বিদেশি উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত হয়ে সমবেদনা জানাতে পেরেছেন, যা দেশের বাইরে থেকেও বেগম খালেদা জিয়ার প্রতি গভীর সম্মানের প্রতিফলন।

জানাজা ও দাফনের বিশাল জনসমাগমের মধ্যেও দায়িত্ব পালন করা দেশি-বিদেশি সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও তারা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ, ছবি ও ভিডিও সারা বিশ্বে পৌঁছে দিয়েছেন।

এছাড়া তিনি মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের সকল সদস্যদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানান। তারেক রহমান বলেন, জাতীয় শোকের এই সময়ে তাদের ব্যক্তিগত উপস্থিতি ও সহানুভূতি তার পরিবারের জন্য অমূল্য সমর্থন হিসেবে বিবেচিত হয়েছে।

পোস্টের শেষাংশে তারেক রহমান বলেন, প্রতিষ্ঠান হিসেবে নয়, মানুষ হিসেবে আপনারা যে সহমর্মিতা, সম্মান এবং দায়িত্ববোধ দেখিয়েছেন, তা আমাদের হৃদয় স্পর্শ করেছে। আপনাদের কারণেই আমাদের পরিবার ও পুরো জাতি মর্যাদার সঙ্গে আমার মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে, আলহামদুলিল্লাহ।