ইরানে চলমান বিক্ষোভে কয়েকজন নিহত

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ণ
ইরানে চলমান বিক্ষোভে কয়েকজন নিহত

রানে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীরা ও ব্যবসায়ীরা এই প্রতিবাদে অংশ নিয়েছেন। গত তিন বছরের মধ্যে দেশটিতে হওয়া সবচেয়ে বড় এ বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আলজাজিরা জানিয়েছে, ইরানে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ দেশের আরও কিছু অংশে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ছয়জন নিহত হয়েছেন।

ইরানের আধা-সরকারি ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানের প্রায় ৩০০ কিলোমিটার (১৮৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে লোরেস্তান প্রদেশের আজনা শহরে বিক্ষোভে কমপক্ষে তিনজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।

এর আগে ফার্স জানিয়েছিল, রাজধানী তেহরানের প্রায় ৪৭০ কিলোমিটার (২৯০ মাইল) দক্ষিণে চাহারমহল এবং বখতিয়ারি প্রদেশের লর্ডেগান শহরে বিক্ষোভ চলাকালীন দুইজন নিহত হয়েছেন। কিছু বিক্ষোভকারী প্রাদেশিক গভর্নরের কার্যালয়, মসজিদ, শহীদ ফাউন্ডেশন, টাউন হল এবং ব্যাংকসহ শহরের প্রশাসনিক ভবনগুলিতে পাথর ছুঁড়তে শুরু করলে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে। অনলাইন প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা রাস্তায় জড়ো হচ্ছেন এবং পেছনে গুলির শব্দ।

এর আগে বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও জানিয়েছে যে পশ্চিমাঞ্চলীয় শহর কৌহদাশতে বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন।

দেশটিতে ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৪২ দশমিক ৫ শতাংশে। ২০২৫ সালে মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মূল্যও নেমে এসেছে প্রায় অর্ধেকে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক হামলার হুমকিও দেশটির অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর এটিই ইরানে সবচেয়ে বড় বিক্ষোভ বলে মনে করা হচ্ছে।