হাদি হত্যার বিচার দাবিতে আবার শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
হাদি হত্যার বিচার দাবিতে আবার শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান

নকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আবারও শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি মিছিল বের হয়ে বেলা পৌনে ২টার দিকে শাহবাগে জড়ো হয়। এতে সড়কের এক পাশের যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

শাহবাগ অবস্থান নিয়ে ‘তুমি কে, আমি কে, হাদি-হাদি’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা।

এর আগে ইনকিলাব মঞ্চ শাহবাগের শহীদ হাদি চত্বরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়। সংগঠনের ফেসবুক পোস্টে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সর্বস্তরের মানুষকে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে পানির ট্যাংকির সামনে দুর্বৃত্তদের গুলিতে আহত হন ওসমান হাদি। পরবর্তীতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর তার মৃত্যু হয়।