বাণিজ্য মেলা বিশ্বমঞ্চে বাংলাদেশের অপার সম্ভাবনা তুলে ধরবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১:২৬ অপরাহ্ণ
বাণিজ্য মেলা বিশ্বমঞ্চে বাংলাদেশের অপার সম্ভাবনা তুলে ধরবে: প্রধান উপদেষ্টা

ন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) বাংলাদেশের অপার সম্ভাবনা তুলে ধরবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অংশগ্রহণকারী সকল দেশ ও প্রতিষ্ঠানকে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের চেতনায় একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) বাসস জানায় ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬ (ডিআইটিএফ) উপলক্ষে বুধবার জারি করা এক বাণীতে তিনি এই আহ্বান জানান। বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জানান, মেলাটি প্রথমে ১ জানুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তারিখ পরিবর্তন করে ৩ জানুয়ারি শনিবার নির্ধারণ করা হয়।

প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন, এই মেলা একটি অনন্য উদ্যোগ, যা বিশ্বমঞ্চে বাংলাদেশের অপার সম্ভাবনা তুলে ধরবে। ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬ উপলক্ষে আমি মেলায় অংশগ্রহণকারী দেশি-বিদেশি শিল্প উদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী ও ক্রেতাসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

দেশীয় পণ্যের প্রচার ও বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অধ্যাপক ইউনূস বলেন, মাসব্যাপী এ মেলা দেশীয় উৎপাদিত গুণগত মানসম্পন্ন পণ্য দেশি-বিদেশি দর্শক, ভোক্তা ও আমদানিকারকদের সামনে উপস্থাপনে কার্যকর ভূমিকা রেখে আসছে।

একই সঙ্গে স্থানীয় উদ্যোক্তারা বিদেশি পণ্যের মান, নকশা ও বৈশ্বিক বাজারের প্রবণতা সম্পর্কে ধারণা লাভ করছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, এই লক্ষ্য অর্জনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা একটি গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে ভূমিকা রাখতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

এই মেলার মাধ্যমে দেশের অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশে বাংলাদেশি পণ্যের রপ্তানি বৃদ্ধি পাবে। পাশাপাশি পণ্যের বহুমুখীকরণ ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নেও মেলাটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি বিশ্বাস করেন।

প্রধান উপদেষ্টা ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬-এর সার্বিক সাফল্য কামনা করেন।

বাণীর শেষে তিনি আশা প্রকাশ করেন, মেলায় অংশগ্রহণকারী সকল দেশ ও প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে এবং সবার সম্মিলিত অংশগ্রহণে মেলাটি সুন্দর, ক্রেতাবান্ধব ও উৎসবমুখর হয়ে উঠবে।