সংসদ নির্বাচনে বৈধ প্রার্থী ১৮৪২ জন

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
সংসদ নির্বাচনে বৈধ প্রার্থী ১৮৪২ জন

্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৮৪২ জন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া মনোনয়ন বাতিল হয়েছে ৭২৩ জনের।

আজ রোববার (৪ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্য একীভূত করে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক রুহুল আমীন মল্লিক সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সূত্র জানায়, মনোনয়ন বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে। মনোনয়ন বাতিলের বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থীরা ৫ জানুয়ারি হতে ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আপিলের জন্য আবেদন করতে পারবে।

প্রতিটি আসনের বিপরীতে গড়ে ৬ জনের মতো প্রার্থী রয়েছে।

রুহুল আমীন জানান, মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল ৩ হাজার ৪০৬টি, জমা পড়েছিল ২ হাজার ৫৬৮টি। বাছাইয়ে বৈধ হয়েছে ১ হাজার ৮৪২টি। আর বাতিল হয়েছে ৭২৩টি মনোনয়নপত্র। এ ছাড়া বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিলেও সঙ্গত কারণে তার মনোনয়নপত্র বাছাই করা হয়নি।

সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে ঢাকা অঞ্চলে ১৩৩টি। সবচেয়ে কম বাতিল হয়েছে বরিশাল অঞ্চলে ৩১টি।

গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা সেগুলো বাছাই করেছেন।

৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদন। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি।

রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে সংক্ষুদ্ধ কোনো প্রার্থী বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি নির্বাচন কমিশনে আগামী ৫ জানুয়ারি হতে ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আপিল দায়ের করতে পারবেন।

আপিল দায়েরের ক্ষেত্রে মানতে হবে ৭ নির্দেশনা

১. আপিল আবেদন কমিশনকে সম্বোধন করে স্মারকলিপি আকারে (নির্ধারিত ফরম্যাটে) দায়ের করতে হবে।

২. আপিল দায়েরকালে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণ সংবলিত বিবৃতি এবং মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ আদেশের সত্যায়িত কপি দাখিল করতে হবে।

৩. আপিল আবেদনের একটি মূল কপিসহ সর্বমোট সাতটি কপি দাখিল করতে হবে।

৪. আপিল আবেদন নির্বাচন কমিশনের আপিল আবেদন গ্রহণ সংক্রান্ত কেন্দ্রে স্ব স্ব অঞ্চলের নির্ধারিত বুথে জমা দিতে হবে।

৫. আপিল আবেদন ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে দায়ের করতে হবে।

৬. আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্ত বা রায়ের কপির জন্য নির্ধারিত ফরমে আবেদন দাখিল করতে হবে। ফরমের নমুনা নির্বাচন কমিশনে আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রীয় বুথ থেকে সংগ্রহ করা যাবে।

৭. আপিল দায়েরকারী অথবা আপিল দায়েরকারী পক্ষে মনোনীত ব্যক্তি আপিলের রায়ের কপি সংগ্রহ করতে পারবেন।

আপিল নিষ্পত্তি

মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে দাখিলকৃত আপিল নির্বাচন কমিশন আগামী ১০ জানুয়ারি হতে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে।