নন্দীগ্রামে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল কৃষকের পাঁচটি খড়ের পালা

নন্দীগ্রাম প্রতিনিধি ( বগুড়া )ঃ
প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
নন্দীগ্রামে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল কৃষকের পাঁচটি খড়ের পালা

গুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তের দেওয়া আগুনে তিনজন কৃষকের ২০ বিঘা জমির পাঁচটি খড়ের পালা পুড়ে ভস্মিভূত হয়েছে। গতকাল রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের মধ্যপাড়া এলাকায় এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে কৃষক আমিনুল ইসলাম, মোকসেদ আলীর ও ইসমাইল হোসেন জমি থেকে ধান কেটে বাড়ি সংলগ্ন খোলায় নিয়ে এসে, ধান মাড়াই করে আলাদা করে ২০ বিঘা জমির পাঁচটি খড়ের পালা দেয়। এরপর রবিবার গভীর রাতে ওই পাঁচটি খড়ের পালায় আগুন দেয় দুর্বৃত্তরা।

মুহুর্তেই আগুন বড় আকার ধারণ করলে প্রতিবেশীরা ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই অধিকাংশ খড় পুড়ে যায়।

এতে আনুমানিক দুই লাখ হাজার লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। কৃষক আমিনুল ইসলাম জানান, কে বা কারা শত্রুতামূলকভাবে এ অগ্নিসংযোগ করে। দুর্বৃত্তের দেওয়া আগুনে আমার ১৭ বিঘা জমির ধানের খড় পুড়ে গেছে। এছাড়া গাছপালার ক্ষতিসাধন হয়েছে। তিনি আরও জানান, মোকসেদ আলী একটি ও ইসমাইল হোসেনের একটি খড়ের পালায় আগুন দের দুর্বৃত্তরা। এতে তাদের আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।