জকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু, এগিয়ে ছাত্রশিবির প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ণ
জকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু, এগিয়ে ছাত্রশিবির প্রার্থীরা

গন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে আরও দুটি কেন্দ্রের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুন ঘোষিত কম্পিউটার সায়েন্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগসহ মোট ৬ কেন্দ্রের ফলাফল শেষে ভিপি ও জিএস পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ফলাফল ঘোষণা করা হয়।

বিভাগওয়ারী ফলাফলের চিত্র

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ: এই কেন্দ্রে ভিপি পদে শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম ১০৬ ভোট পেয়ে এগিয়ে আছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত মো. রাকিব পেয়েছেন ৯৪ ভোট। জিএস পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ ১১২ ভোট পেয়েছেন, যেখানে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কোবরা পেয়েছেন ৫৩ ভোট। এজিএস পদেও শিবিরের মাসুদ রানা ১০৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ: এই বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ৫১ ভোট এবং মো. রাকিব (ছাত্রদল) ৩৯ ভোট পেয়েছেন। জিএস পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ ৪৬ ভোট পেয়ে এগিয়ে আছেন; তার বিপরীতে ছাত্র ফ্রন্ট সমর্থিত প্যানেলের ইভান তাহসীব পেয়েছেন ২৩ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ রানা ৪২ ভোট পেয়ে তার লিড বজায় রেখেছেন।

সার্বিক অবস্থান (৬ কেন্দ্র শেষে) এখন পর্যন্ত প্রাপ্ত ছয়টি কেন্দ্রের মোট ফলাফলে:

ভিপি পদ: শিবির সমর্থিত প্রার্থী ৫৮৪ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন।

প্রতিদ্বন্দ্বী: ছাত্রদল সমর্থিত প্রার্থী পেয়েছেন ৫২৭ ভোট।

উল্লেখ্য, এর আগে সকাল সাড়ে ৮টায় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, লোক প্রশাসন ও ফার্মেসি—এই ৪ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছিল। প্রাথমিক এই ছয় কেন্দ্রের মধ্যে ৫টিতেই শিবিরের প্রার্থীরা লিড দিচ্ছেন, আর একটি কেন্দ্রে এগিয়ে রয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল।