তীব্র শীতে কাঁপছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, তাপমাত্রা নেমে এসেছে ৭ ডিগ্রির ঘরে

আশরাফুজ্জামান খোকন, বোদা প্রতিনিধি (পঞ্চগড়)ঃ
প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৯:১৭ অপরাহ্ণ
তীব্র শীতে কাঁপছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, তাপমাত্রা নেমে এসেছে ৭ ডিগ্রির ঘরে

ীব্র শীত ও ঘন কুয়াশায় জবুথবু হয়ে পড়েছে বোদা উপজেলাসহ পুরো পঞ্চগড় জেলার জনপদ। পঞ্চগড়ে চলতি শীত মৌসুমে তাপমাত্রা আরও কমে গিয়ে নতুন করে তীব্র আকার ধারণ করেছে। ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে জেলার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, যানবাহন চালক, শিশু ও বয়স্করা।

বুধবার (৭ জানুয়ারি) ভোর ৬ টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬ থেকে ৮ কিলোমিটার।

এর আগের দিন মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিলো, ঘণ্টায় ৬ থেকে ৮ কিলোমিটার। মঙ্গলবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।

৬ জানুয়ারি (মঙ্গলবার) ওই দিন ভোর থেকেই পুরো জেলা ঘন কুয়াশায় ঢেকে যায়। দুপুরের পর কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললেও সন্ধ্যার পর থেকে বুধবার (৭ জানুয়ারি) সকাল পর্যন্ত আবারও সড়ক-মহাসড়ক ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। এর পর বেলা সাড়ে ১১ টায় আবারও সূর্যের দেখা মিলে।

ভোর সকাল পর্যন্ত কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়। মহাসড়কে যানবাহনগুলোকে ধীরগতিতে চলতে দেখা গেছে।

দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন ধীরগতে চলাচল করছে। হাড়কাঁপানো ঠান্ডায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বোদা উপজেলার ইউনিয়নের মাড়েয়া বামন হাট এলাকার হোটেল শ্রমিক জিয়া (৪০) বলেন, আমি হোটেলে কাজ করতে যাচ্ছি। সারারাত থাকে কনকনে ঠান্ডা, দিনের বেলায়ও একই অবস্থা। এমন অবস্থায় আমার মতো খেটে খাওয়া মানুষের কষ্টের শেষ নাই। কাজ না করে ঘরে বসে থাকলে পেটে ভাত জুটবে না। সংসার তো চালাতে লাগবে। তাই বের হয়েছি।

বোদা পৌর শহরের ইসলামবাগ এলাকার কাঠ শ্রমিক জহিরুল ইসলাম (৫০) বলেন, কয়েক দিন থেকে যে ঠান্ডা পরছে কাজে যেতে পারছি না। হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। সংসার তো চালাতে লাগবে তাই কাজে বের হলাম।

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ক্রমাগত ওঠানামা করছে। উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে। আগামী কয়েক দিন এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।