শীতে বিপর্যস্ত সৈয়দপুরের জনপদ

সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১:০১ অপরাহ্ণ
শীতে বিপর্যস্ত সৈয়দপুরের জনপদ

ীত আর কুয়াশায় বিপর্যস্ত নীলফামারীর সৈয়দপুর উপজেলার মানুষ। ঘন কুয়াশায় রাত থেকে দুপুর পর্যন্ত সৈয়দপুর – ঢাকা সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

কৃষকের খেতের ফসল নষ্ট হওয়ার আশংকা দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সারে ৬ টায় সৈয়দপুরের তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস।

এর আগের দিন বুধবার ও ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।  দেখা গেছে, সৈয়দপুরে ঘন কুয়াশার কারনে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছেন বিভিন্ন যানবাহনের চালকরা। প্রায় প্রতিদিনই রাত থেকে দুপুর অথবা সারাদিন এভাবেই চলাচল করছে যানবাহন।

কুয়াশার কারনে বিমান চলাচল বাধার মুখে পড়েছে। বুধবার রাতে বাসে করে ঢাকা থেকে সৈয়দপুরে আসছিলেন মনোয়ার ইকবাল। ভোরে তিনি বলেন, রংপুর থেকে সৈয়দপুরের দিকে যতই এগুচ্ছি ততই শীত ও কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। গাইবান্ধা শহর অতিক্রম করার পর থেকেই হেডলাইটের আলো সামনের ২০ ফুট পর্যন্ত দেখা যাচ্ছিল না।

নাবিল পরিবহনের চালক আতাউর রহমান বলেন, অবস্থা এতটাই বেসামাল যে, আশপাশের কোন গাড়ির হর্ণ সামান্য শোনা গেলেও কিছুই দেখা যাচ্ছিলো না। দুর্ঘটনা থেকে বাঁচতে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে যানবাহন চলাচল করতে হয়েছে।

সৈয়দপুর বিমানবন্দর অফিস জানায়,ঘন কুয়াশার কারনে আকাশ থেকে নিচের কিছুই দেখা যায় না। একারণেই বিমান চলাচলে বাধার মুখে পড়ছে। কুয়াশা কেটে গেলেই বিমান চলাচল স্বাভাবিক হবে।

রাত থেকে দুপুর পর্যন্ত কনকনে শীতে ও হিমেল হাওয়ায় চরম বিপাকে পড়েছেন,দিনমজুর, বয়স্ক ও নিম্ন আয়ের মানুষ। সর্দি, কাশি শ্বাসকষ্ট সহ ঠান্ডা জনিত রোগীর সংখ্যা বাড়ছে। পাড়া মহল্লায় কম্বল বা শীতে গরম কাপড়ের অভাবে শীতে কাহিল হওয়া মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শীতে কাতর মানুষজন গরম কাপড়ের আসায় প্রসাশন ও বিত্তবান মানুষের দুয়ারে গিয়েও খালি হাতে ফিরে আসছেন। শীত ও কুয়াশায় কৃষকের ফসলের ক্ষতি হচ্ছে পর্যাপ্ত।

উপজেলার বোতলাগাড়ি ইউনিয়ন এর কৃষক রফিকুল ইসলাম বলেন, প্রচন্ড শীত আর হিমেল হাওয়ার কারনে বীজতলা, আলু,মরিচ সহ শীতকালীন ফসলের ক্ষতির আশংকা করছি। একই কথা বলেছেন অন্যান্য ইউনিয়নের কৃষকরাও।

উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভুষন বলেন, বীজতলা রাতের বেলা পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে। ছত্রাক থেকে বাঁচতে জমিতে আইল বেঁধে পানি আটকে রেখে সকালে ছেড়ে দিতে হবে। ভালো ফলন পেতে কৃষি কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করে বিভিন্ন ভিটামিন ছিটানোর পরামর্শ দেন তিনি।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, বৃহস্পতিবার সকাল সারে ৬টায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আগামীতে তাপমাত্রা আরো কমে যাওয়ার সম্ভাবনা আছে। তাই সকলকে সাবধানে থাকার পরামর্শ দেন তিনি।