সেন্টমার্টিনে জেলের জালে ধরা পড়েছে ৭শত কোরাল মাছ

কক্সবাজার প্রতিনিধি ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
সেন্টমার্টিনে জেলের জালে ধরা পড়েছে ৭শত কোরাল মাছ

ক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে এক ট্রলারের জালে একসঙ্গে প্রায় ৭’শ লাল কোরাল মাছ ধরা পড়েছে। এর মধ্যে ৬৭৭টি মাছ বিক্রি করা হয়েছে ১০ লাখ টাকায়।বুধবার সকালে সেন্টমার্টিন চ্যানেলের মৌলভীর শীল এলাকায় কোরালগুলো ধরা পড়ে। বিকালে মোহাম্মদ জাকারিয়ার মালিকানাধীন ট্রলারে করে মাছ নিয়ে জেলেরা শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ফিশারিজ ঘাটে যান।

ট্রলারমালিক মোহাম্মদ জাকারিয়া বলেন, মঙ্গলবার শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ফিশারিজ ঘাট থেকে বঙ্গোপসাগরের উদ্দেশে ট্রলারটি ছেড়ে যায়। ট্রলারের মাঝি আবুল কালামের নেতৃত্বে নয়জন মাঝিমাল্লা ছিলেন তাতে। সন্ধ্যায় সেন্টমার্টিন দ্বীপের উত্তর পাশে সেন্টমার্টিন চ্যানেলে ট্রলারটি নোঙর করে জেলেরা জাল বসান। সকালে তাতেই লাল কোরালগুলো ধরা পড়ে।

তিনি বলেন, “প্রায় ৭’শ মাছ থেকে ৬৭৭টি মাছ বিক্রি করা হয়েছে ১০ লাখ টাকায়। প্রথমে মণ ২৪ হাজার টাকা ধরে মাছগুলোর দাম হাঁকা হয়েছিল ১২ লাখ টাকা। পরে দর কষাকষি করে ২৩ হাজার টাকা মণে ১০ লাখ টাকায় বিক্রি হয়েছে।স্থানীয় মাছ ব্যবসায়ী রহিম উল্লাহ বলেন, মাছগুলো বরফ দিয়ে মিস্ত্রিপাড়া ফিশারিজে রাখা হয়েছে। মাছগুলো কক্সবাজার ও চট্টগ্রামে নিয়ে বিক্রি করা হবে।

সুস্বাদু কোরাল কিংবা ভেটকি মাছের কদর দেশব্যাপী।বঙ্গোপসাগরের গভীর জলের মাছ কোরাল সব সময় হাটবাজারে পাওয়া যায় না। এ জন্য এই মাছের দাম কিছুটা বেশি।শাহপরীর দ্বীপ মিস্ত্রীপাড়া ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাসান বলেন, সেন্ট মার্টিন চ্যানেলে এক জালে ৬৮৭টি লাল কোরাল মাছ ধরা পড়েছে।তিনি বলেন, লাল কোরাল গভীর সমুদ্রের মাছ।

সেন্টমার্টিন চ্যানেলে এই লাল কোরাল মাছ বেশি ধরা পড়ে। বেশ কিছুদিন ধরে সাগরের মাছ পাওয়া যাচ্ছিল না। বুধবার থেকেই ভালো মাছ পাওয়া যাচ্ছে। অন্য জেলেরাও লাল কোরাল মাছ ধরতে সেন্টমার্টিন চ্যানেলে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছেন।টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ সিনিয়র মৎস্য কর্মকর্তা উমূল ফারা বেগম তাজকিরা বলেন, সুস্বাদু কোরাল মাছের কদর দেশব্যাপী।

বঙ্গোপসাগরের গভীর জলের মাছ কোরাল। মাছটি সাধারণত এক থেকে নয় কেজি পর্যন্ত হতে পারে।এই মাছ উষ্ণমণ্ডলীয় অঞ্চল বিশেষত পশ্চিম প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলে দেখা যায়। তাছাড়া এশিয়ার উত্তরাঞ্চল, কুইন্সল্যান্ডের দক্ষিণাঞ্চল এবং পূর্ব আফ্রিকার পশ্চিমাঞ্চলেও এদের দেখা যায়।প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় সাগরে এখন বড় বড় কোরাল মাছ পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।