জয়পুরহাটে বিজিবির অভিযানে অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও ভেজাল খাদ্যদ্রব্য জব্দ, মালিক পলাতক

জয়পুরহাট প্রতিনিধি ঃ
প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৮:২৯ অপরাহ্ণ
জয়পুরহাটে বিজিবির অভিযানে অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও ভেজাল খাদ্যদ্রব্য জব্দ, মালিক পলাতক

য়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং বিএসটিআই অনুমোদনহীন নিম্নমানের ভেজাল খাদ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৮৭ হাজার ৮৮৫ টাকা।

গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রেলওয়ে সড়ক এলাকার একটি গোডাউনে ২০-বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর নির্দেশনায় বিজিবির একটি চৌকস দল পাঁচবিবি সদর উপজেলার রেলওয়ে সড়ক মার্কেট সংলগ্ন একটি গোডাউনে অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে জমা করে রাখা বিপুল পরিমাণ অবৈধ সিরাপ ও বিএসটিআই অনুমোদনহীন মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য উদ্ধার করা হয়। অভিযানের সময় গোডাউন মালিক নাজমুল হাসান সরকার বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় ২৬ প্রকারের কয়েক হাজার বোতল যৌন উত্তেজক সিরাপ। এরমধ্যে মধ্যে রয়েছে জেনসি, টাচ, জেট টেন ও রেইনবো, একে এল ওয়ান ও হিট ফ্রুট, এইট গ্রেক ও আর আন্ডার, লায়ন, ললিপপ, এডিবল জেল জুস, টেস্টি স্যালাইন, ক্রিম ফ্লেভার ড্রিংকস এবং প্রায় ৬৫০০ পিস বিভিন্ন প্রকার চিপস।

২০-বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় চোরাচালান, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনসাধারণের সহযোগিতা কামনা করেছে বিজিবি। একইসাথে সীমান্তের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।