বোদা উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শীত আনন্দ উৎসব

বোদা প্রতিনিধি (পঞ্চগড়)ঃ
প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
বোদা উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শীত আনন্দ উৎসব

ীব্র শীতে কাঁপছে দেশের সর্ব উত্তরের বোদা উপজেলাসহ পুরো পঞ্চগড় জেলার জনপদ। চলতি শীত মৌসুমে তাপমাত্রা আরও কমে গিয়ে নতুন করে তীব্র আকার ধারণ করেছে ঘন কুয়াশা।

উত্তরের শীতপ্রবণ পঞ্চগড়ের বোদা উপজেলায় ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ২৮০ জন শিক্ষার্থীকে নিয়ে শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রতিটি শিশুর হাতে একটি করে হুডি, স্কুলব্যাগ, খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পাশাপাশি শিশুদের জন্য ডিম ও মুরগির মাংস দিয়ে গরম খিচুড়ির আয়োজন করা হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে বোদা উপজেলার পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন এই শীত আনন্দ উৎসবের আয়োজন করে। এতে ওষুধ প্রস্তুত ও বিপননকারী প্রতিষ্ঠান এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড সহযোগিতা করছে। এটি ছিল শিশুস্বর্গ ফাউন্ডেশনের চতুর্থ আয়োজন।

অনুষ্ঠানে শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ স্বাগত বক্তব্য দেন। পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাদিরা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রায়হানুল আনম প্রধান রিয়েল এবং বিশিষ্ট সমাজসেবক হুমায়ুন কবীর লায়ন প্রমূখ।

এর আগে বোদা উপজেলার তেপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৭২৪ জন, পঞ্চগড় উচ্চ বিদ্যালয়ে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৮৬০ জন এবং পঞ্চগড় সুগার মিল মাঠে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৩২০ জন শিশুর হাতে শীতের উপহার তুলে দেওয়া হয়। এভাবে জেলার পাঁচটি ভেন্যুতে মোট সাড়ে ৭ হাজার শিশুকে নিয়ে এবারের শীত আনন্দ উৎসবের আয়োজন করা হয়।

শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ বলেন, আজ পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ হাজার ২৮০ জন শিশুকে শীতের পোশাক, শিক্ষা উপকরণ, স্কুলব্যাগ ও দুপুরের খাবার দেওয়া হয়েছে।

পাঁচটি আয়োজনের মাধ্যমে মোট ৭ হাজার ৫০০ শিশুকে এই উপহার দেওয়া হচ্ছে। মূলত সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের শীতকালে যেন পড়াশোনায় ব্যাঘাত না ঘটে, সে লক্ষ্যেই আমাদের এই আয়োজন।