সৈয়দপুরে আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা, ৯ ডিগ্রি তাপমাত্রা অব্যাহত

সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
সৈয়দপুরে আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা, ৯ ডিগ্রি তাপমাত্রা অব্যাহত

ালকা কুয়াশা আর কনকনে হিমেল হাওয়ায় জবুথবু অবস্থায় সৈয়দপুরের জনপদ। শুক্রবার (৯ জানুয়ারী ) সকাল ৮ টায় সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বুধ ও বৃহস্পতিবার ও ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

কুয়াশা আর হিমেল হাওয়ায় শীতের তীব্রতায় বিপাকে পড়ছেন স্বর্বস্তরের মানুষ। দিনমজুর, খেটে খাওয়া মানুষ, পথচারী শিশু ও বয়স্ক মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। শীতের কারণে প্রধান সড়ক, মাঠ-ঘাট প্রায় ফাঁকা। কুয়াশা আর হিমেল হাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশংকায় রয়েছেন কৃষকরা।

শহরের দারুলউলুম মাদরাসা মোড়ে ঔষধ বিক্রেতা জিসান বলেন কুয়াশা আর তীব্র শীতের কারনে দোকানের ভিতরে বসে থাকতে পারছি না। তাই আগুন জ্বালিয়ে হাত, পা ও শরীর গরম করে নিচ্ছি। এই ঠান্ডায় বাড়ি থেকে বের হওয়াই খুব কষ্টকর হয়ে পড়েছে। কুয়াশার সাথে যেভাবে হিমেল হাওয়া বইছে, তাতে মনে হচ্ছে শরীর বরফ হয়ে যাচ্ছে। বাইরে বের হলেই হাত-পায়ে বোধ শক্তি থাকছে না।

শহরের উপজেলা সড়কের মজনু মিয়া বলেন, সওদা কিনতে বাজার যাচ্ছিলাম কিন্তু ঘন কুয়াশার কারণে রাত ৮টার পর সামনে ঠিকমতো দেখা যাচ্ছে না। ঠান্ডায় হাত পা অবশ হয়ে আসছে। কিন্তু কি আর করা, সওদা না আনলে বাচ্চাদের না খেয়ে থাকতে হবে। তাছাড়া বাড়িতে মেহমান এসেছেন। তাই বাদ্ধ হয়েই ঘরের বাইরে বের হয়েছি। ঠান্ডায় হাত পা অবস হয়ে যাচ্ছিলো বলে আগুনে একটু তাপিয়ে নিচ্ছি।

শুক্রবার সকালে রাবেয়া নামের এক নারী বলেন, গত ৩ দিন সুর্যের দেখা নেই। শীতও একই রকম চলছে। সামনে এমপি নির্বাচন। প্রার্থীরা ছুটছেন ভোটারের দ্বারেদ্বারে। তাদের দরকার ভোট কিন্তু গরীব অসহায় পরিবাররা যে শীতে কাহিল অবস্থায় তা কিন্তু তারা দেখছেন না। তিনি বলেন, গরীবরা আসলে মানুষ না। শীতে কাহিল হওয়া গরীব মানুষদের শীত নিবারনে যে গরম কাপড় দিতে হয় তা তারা ভুলেই গেছেন।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, গত ৩ দিন সৈয়দপুরের তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস অব্যাহত রয়েছে। সেইসঙ্গে কুয়াশা ও হিমেল হাওয়াও বইছে। আগামীতে সৈয়দপুর সহ নীলফামারী জেলায় তাপমাত্রা ৬/৭ ডিগ্রি সেলসিয়াস এর নিচে নামতে পারে বলে আশংকা করা হচ্ছে।