ইরানে ২০০ জনের বেশি হতাহত, মসজিদে আগুন

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ
ইরানে ২০০ জনের বেশি হতাহত, মসজিদে আগুন

রানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ তীব্র থেকে তীব্র হচ্ছে। বিক্ষোভে শুধুমাত্র রাজধানী তেহরানেই এক রাতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন।

টাইম ম্যাগাজিন শুক্রবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, নাম গোপন রাখার শর্তে তেহরানের এক চিকিৎসক তাদের জানিয়েছেন, শুধুমাত্র তেহরানের ছয়টি হাসপাতালে ২০৬ বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। যাদের বেশিরভাগ গুলিতে প্রাণ হারিয়েছেন।

সাময়িকীটি বলেছে, যদি মৃত্যুর তথ্য নিশ্চিত হয় তাহলে ধারণা করা যায়, ইরান সরকার বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থান নিয়েছে। এরসঙ্গে এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কতাকে উপেক্ষা করা হবে। তিনি হুমকি দিয়েছিলেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে খামেনি সরকারকে চড়া মূল্য দিতে হবে।

এদিকে, তীব্র আন্দোলনে একটি মসজিদে আগুন ও ১৯৭৯ সালের বিপ্লব পূর্ববর্তী সময়ের পতাকা উড়িয়েছে বিক্ষোভকারীরা।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে লাদান নামে ৬০ বছর বয়সী এক নারী জানিয়েছেন, তিনি টানা দ্বিতীয় রাত রাস্তায় নেমেছিলেন। সাদা’ত আবাত নামে এলাকার এ বাসিন্দা জানিয়েছেন, তিনি দেখেছেন বিক্ষোভকারীরা একটি মসজিদে আগুন দিয়েছে।

বৃহস্পতিবার রাতের মতো গতকাল শুক্রবার রাতেও বিক্ষোভ মাসহাদ, তাবরিজ, উরুমিয়াহ, ইস্ফাহান, কারাজ এবং ইয়জদে ছড়িয়েছিল।

সংবাদমাধ্যম বিবিসি ফার্সির প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন। তারা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু কামনা করে আর রাজতন্ত্রের (শাহ শাসন) পক্ষে স্লোগান দিয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় টিভিতে বিক্ষোভে অংশ না নিতে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়। বাবা-মায়ের উদ্দেশ্যে দেওয়া বার্তায় বলা হয় আপনার সন্তানদের বিক্ষোভে যেতে দেবেন না।

সতর্কতা দিয়ে বলা হয়, যদি সেখানে গোলাগুলি হয় এবং আপনার সন্তানের কিছু হয় তাহলে অভিযোগ করবেন না।