চুরির অপবাদে মসজিদে মাইকিং, ঘরে মিলল যুবকের লাশ

সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
চুরির অপবাদে মসজিদে মাইকিং, ঘরে মিলল যুবকের লাশ

িজ শয়নকক্ষ থেকে রোকনুজ্জামান (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামের গুয়াবাড়ি এলাকা থেকে ওই ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়। চুরির অপবাদে মসজিদে মাইকিং করে প্রকাশ্যে অপমান করায় ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগে ওঠেছে। নিহত রোকনুজ্জামান ওই এলাকার জহুরুল ইসলাম বাট্টুর ছেলে। তিনি পেশায় একজন ফল ব্যবসায়ী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে গরু চুরির সন্দেহে স্থানীয়রা রোকনুজ্জামান ও তার চাচাতো ভাই মুশলিমকে আটক করেন স্হানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যান বোতলাগাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা।পরে উভয় পক্ষের উপস্থিতিতে মুচলেকা লিখে বিষয়টি মীমাংসা করা হয় ।

কিন্তু শনিবার সকালে গরুর মালিক আব্দুর রশিদ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে রোকনুজ্জামান ও মুশলিমকে গরু চোর হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে এলাকায় কোনো গরু চুরি হলে তাদের ধরে রাখার আহ্বান জানান। এ ঘটনায় রোকনুজ্জামান মানসিকভাবে ভেঙে পড়েন। পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

নিহতর বোন নিতু বলেন,“আমার ভাই একজন ফল ব্যবসায়ী। সে সকালে বের হয়ে রাতে বাড়ি ফেরে। ওইদিন রাতে আমার চাচাতো ভাই মুসলিম ও আমার ভাই রোকনুজ্জামাননের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ এনে তাদের বেধে রাখা হয়। পরে স্থানীয়রা মীমাংসা করে জরিমানা করে তাদের ছেড়ে দেয়।

সব শেষ হওয়ার পরও সকালে মসজিদের মাইকে আমার ভাইকে চোর বলে ঘোষণা দেওয়া হয়। এই অপমান সে সহ্য করতে পারেনি। পরে সকালবেলা পরিবারের লোকজন ডাকাডাকি করলে ঘরের ভেতর রোকনুজ্জামানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মাইকিংকারি গরুর মালিক আব্দুর রশিদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সৈয়দপুর থানার ওসি মো. রেজাউল করিম রেজা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। মরদেহ নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কেউ বাদী হলে মামলা গ্রহণ করা হবে বলে জানান তিনি।