নওগাঁয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি ঃ
প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
নওগাঁয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বাতিল সহ ৫ দফা বাস্তবায়নের দাবী নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে চাকরি প্রত্যাশী পরীক্ষার্থীবৃন্দের ব্যানারে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, গত ৯ জানুয়ারি সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে প্রশ্নপত্র ফাঁসসহ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করা হয়েছে। এতে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছে। নিয়োগ পরীক্ষায় সমতা এবং স্বচ্ছতা হচ্ছে আমাদের সাংবিধানিক অধিকার। গত শুক্রবারের নিয়োগ পরীক্ষায় তা লঙ্ঘন করা হয়েছে। আমরা চাই দ্রুত এই পরীক্ষা বাতিল করে পূনরায় পরীক্ষা নেওয়া হোক।

পরীক্ষা বাতিলসহ পরীক্ষার্থীদের ৫ দফা দাবী গুলো হলো, পরীক্ষা বাতিল করে দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নিতে হবে। সকল চাকরি পরীক্ষা ঢাকায় নিতে হবে এবং প্রতিটি কেন্দ্রে ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জ্যামার রাখতে হবে। একটি স্বতন্ত্র কমিটি গঠন, তার আওতায় সকল পরীক্ষা নেওয়াসহ একই দিনে একই সময়ে একাধিক পরীক্ষা নেওয়া যাবে না। যে সকল প্রতিষ্ঠানে বিগত সালে পরীক্ষার প্রশ্ন ফাঁসের রেকর্ড আছে তাদেরকে কোনো ভাবেই প্রশ্ন প্রনয়ন করার দায়িত্ব দেওয়া যাবে না। যদি কোনো কারনে প্রশ্ন ফাঁস হওয়ার তথ্য প্রমাণিত হয় তাহলে এর সাথে জড়িত সকলকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।

এর আগে শহরের দয়ালের মোড় থেকে চাকরি প্রত্যাশী পরীক্ষার্থীরা একটি বিক্ষোভ বের করে মুক্তির মোড়ে এসে সমবেত হয়। এসময় সেখানে চাকরি প্রার্থী তুষার আহমেদের নেতৃত্বে পরীক্ষার্থী আফরোজা খাতুন, দোলেনা খানম ও শম্পা রানীসহ অন্যরা বক্তব্য দেন।