বিশ্বকাপ ইস্যুতে দুঃসংবাদ দিল ভারতীয় গণমাধ্যম

ক্রীড়া ডেস্ক ঃ
প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
বিশ্বকাপ ইস্যুতে দুঃসংবাদ দিল ভারতীয় গণমাধ্যম

সন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে খেলতে দল পাঠাবে না বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কা বিশদভাবে বর্ণনা করে আইসিসিকে দুইবার ই-মেইল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ই-মেইলে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে।

আইসিসির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো উত্তর জানানো হয়নি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন, সোম-মঙ্গলবার আইসিসি থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে।

তবে, এবার ভিন্ন কথা বলছে ভারতীয় গণমাধ্যমগুলো। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ আর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শ্রীলঙ্কা নয় ভারতেরই অন্য দুই ভেন্যূতে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার চিন্তা করছে আইসিসি।

এনডিটিভির খবরে বলা হয়েছে, আইসিসি মনে করছে–টুর্নামেন্ট শুরুর একদম শেষ মুহূর্তে এক দেশ থেকে অন্য দেশে ভেন্যু স্থানান্তর করা লজিস্টিক কারণে সহজ নয়। বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও তিরুবনন্তপুরমে আয়োজনের কথা ভাবছে আইসিসি।

কেনো আইসিসি এই সিদ্ধান্ত নিবে তার একটি ব্যাখ্যাও তুলে ধরা হয়েছে এনডিটিভির ওই প্রতিবেদনে। রোববার গুজরাটে ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে আম্পায়ারিং করেছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ফলে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কার যে অভিযোগ করছে, তার জবাবে আইসিসি সম্ভবত সৈকতের উদাহরণটি তুলে ধরতে পারে এবং বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো খেলার জন্য ভারতে ভ্রমণের পরামর্শ দিতে পারে।

জানা গেছে, ইতোমধ্যে আইসিসি এবং সহ-আয়োজক বিসিসিআই এরই মধ্যে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) সঙ্গে যোগাযোগ করেছে।

গতকাল গুজরাটের বড়োদরায় বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে আইসিসি চেয়ারম্যান জয় শাহর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই বিকল্প ভেন্যু প্রস্তাবের সিদ্ধান্ত হয়েছিল কি না, তা অবশ্য কোনো সংবাদমাধ্যমই বলেনি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অবশ্য আগেই জানিয়ে রেখেছেন, ভারতের অন্য ভেন্যু মানে তো ভারতেই খেলা। নিজেদের অবস্থানে অনড় থাকবে বিসিবি।

বর্তমান সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে হওয়ার কথা। যার মধ্যে প্রথম তিনটি কলকাতায়, শেষটি মুম্বাইয়ে।

এর আগে ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় বিসিসিআই। ভারতের এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবে নেয়নি বিসিবি। জবাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না বলে জানিয়ে দেয় বাংলাদেশ।