ইরানের সঙ্গে কোনো দেশ বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ
ইরানের সঙ্গে কোনো দেশ বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

রানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে যুক্ত দেশগুলোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ (১৩ জানুয়ারি) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সোমবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে ব্যবসা করা যেকোনো দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। এই আদেশ চূড়ান্ত এবং তর্কাতীত।

এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন ট্রাম্প। তবে ইরানের সাথে ‘ব্যবসা’ বলতে কী বোঝানো হয়েছে, এ সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি। এছাড়া এই সিদ্ধান্তের কারণে কোন দেশের আমদানি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সে সম্পর্কে অতিরিক্ত তথ্য জানায়নি হোয়াইট হাউস।

ইরানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন, এর পরেই রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত। চলমান আন্দোলনে তেহরান বিক্ষোভকারীদের হত্যা করলে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর নতুন করে শুল্ক আরোপের এই ঘোষণা দিলেন ট্রাম্প।

ইরানি মুদ্রা রিয়ালের মূল্য হ্রাসের কারণে সৃষ্ট ক্ষোভ থেকে ডিসেম্বরের শেষের দিকে বিক্ষোভের সূত্রপাত হয় দেশটিতে, যা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বৈধতার সংকটে পরিণত হয়েছে।