জুবিনের মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুর পুলিশ

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
জুবিনের মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুর পুলিশ

সামের সংগীতজগতের জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের মৃত্যুকে ঘিরে দীর্ঘদিনের জল্পনা ও প্রশ্নের অবসান ঘটিয়েছে সিঙ্গাপুর পুলিশ। কর্তৃপক্ষের সাম্প্রতিক তদন্তে জানানো হয়েছে, জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ পাওয়া যায়নি।

সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের লাজারাস আইল্যান্ডের কাছে সাঁতার কাটার সময় পানিতে ডুবে মৃত্যু হয় জুবিনের। আগের কিছু প্রতিবেদনে স্কুবা ডাইভিংয়ের সময় দুর্ঘটনার কথা বলা হলেও তদন্তে স্পষ্ট করা হয়েছে—তিনি তখন ডাইভিং করছিলেন না।

শুনানিতে সিঙ্গাপুর পুলিশ কোস্টগার্ডের সহকারী সুপারিনটেনডেন্ট ডেভিড লিম জানান, ঘটনার সময় জুবিন গর্গ ‘গুরুতরভাবে মদ্যপ’ ছিলেন। একাধিক প্রত্যক্ষদর্শী আদালতে বলেন, তাকে ইয়টের দিকে সাঁতরে ফেরার চেষ্টা করতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই তিনি নিস্তেজ হয়ে পানিতে উল্টে ভেসে উঠতে থাকেন।

উদ্ধার ও চিকিৎসার চেষ্টা জুবিনকে দ্রুত উদ্ধার করে ইয়টে তুলে সিপিআর দেওয়া হয়। তবে সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। তদন্তে আরও উঠে এসেছে, জুবিন গর্গ উচ্চ রক্তচাপ ও মৃগী রোগে ভুগছিলেন। ২০২৪ সালে তার মৃগীর সর্বশেষ আক্রমণের রেকর্ড রয়েছে।

সিঙ্গাপুর পুলিশ স্পষ্ট করে জানিয়েছে, এই ঘটনায় কারও বিরুদ্ধে অপরাধমূলক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।