অবলোকন নাট্যদলের নতুন নাটক “গন্ধসূত্র”

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
অবলোকন নাট্যদলের নতুন নাটক “গন্ধসূত্র”

বলোকন নাট্যদলের প্রযোজনা “গন্ধসূত্র”, রচনা: অপু শহীদ, নির্দেশনা: তৌফিকুল ইসলাম ইমন, ১৭ জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭.০০ টায় ,স্টুডিও থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

নাট্যকারের কথা ঃ সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটা নাটক লেখা ভাবনায় ছিল। সেক্ষেত্রে বলা যায় সমকালের বাংলাদেশের অভিজ্ঞতায় জারিত এক দগদগে নাটক গন্ধসূত্র। চোখ দিয়ে বা কান দিয়ে না হলে, গন্ধ দিয়ে দর্শক চিনে নিবে সময়কে। সময়টা সারা পৃথিবীতেই এখন এমন যে এই শোষণভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় ব্যক্তিকে কোনও না কোনও পক্ষের বলে দাগিয়ে দেয়া হয়।

নাটকটির সংলাপ আমাদের জানা। ঘটনার অভিজ্ঞতার ভিতর দিয়ে পরিভ্রমণ। আর সারা বিশ্বই এখন গ্লোবাল ভিলেজ। বিশ্বের অর্থনীতি সমাজ-রাজনীতি উন্নয়ন-বিশ্বায়ন যুদ্ধ-হিস্রতা এমন এক টালমাটাল অবস্থার সৃষ্টি করেছে যে ব্যক্তি মানুষের সুস্থ থাকাটা বেশ কৌতুহলপ্রদ। আধিপত্যবাদী চরিত্র পর্যবেক্ষণ করা যাচ্ছিল কিন্তু কিছুতেই একটা কাঠামোতে ধরতে পারা যাচ্ছিল না। এই অস্থিরতার মধ্যে মনে পড়ে গেল আর্জেন্টাইন-আমেরিকান নাট্যকার এরিয়েল ডর্ফম্যানের কথা। এই বিশ্বায়নের যুগে মূল ইংরেজি নাটক, পোলনস্কির ফিল্ম এমনকি হিন্দি ছবিও পেয়ে গেলাম। পেয়ে গেলাম ডর্ফম্যানের আরও আরও অনেক লেখাজোখার সন্ধান। নাটকের মূল ভরকেন্দ্র রাখলাম ডেথ এন্ড দ্য মেইডেন এর উপর।

নাটকে মেয়েটি যেন হঠাৎ করেই ভয়ংকর হয়ে উঠল। মেয়েটির ব্যক্তিগত অহং দলিত হয়েছে রাষ্ট্রযন্ত্রের সহযোগিতায়। নিজ ঘরে সে সনাক্ত করে সেই নির্যাতক ও নিপীড়ককে। সমাজের আইনের প্রতি সে আস্থা হারিয়ে ফেলে। এ ঘটনা পৃথিবীর যে কোনও দেশে যে কোনও রাষ্ট্রে যে কোনও নগরে ঘটে থাকে। ঠিক এখনই কোথাও না কোথাও ঘটছে। আগামীতেও ঘটবে। যে দেশে দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর গণতন্ত্র হামাগুড়ি দিতে শুরু করে সেখানে এসব ঘটে থাকে।

নির্দেশকের কথা ঃ দেখতে দেখতে অনেকগুলো নাটকের নির্দেশনা দেয়া হল। গন্ধসূত্র নাটকের স্ক্রিপ্ট হাতে পেয়ে ভিতরে কেমন একটা ধাক্কা লাগলো। এই নাটক মঞ্চে আনতে হবে। শুরু হলো মঞ্চ যাত্রা।

সময়টাকে ধরতে চাচ্ছিলাম। এই নাটকের সময়টা শুধু আমাদের রাষ্ট্রের নয় বর্তমান বিশ্বের যেখানেই গণতন্ত্র ধ্বসে পড়ছে সেখানকার বাস্তবতা। পশ্চিমা বিশ্বের থিয়েটারের ভায়োলেন্স, সেক্স বা শারীরিক সম্পর্কিত শব্দ ও বাক্যের ব্যবহার আমাদের ভদ্র-সুশীল দর্শকের মুখোমুখি কতটা উচ্চারণ করা যায় দ্বিধায় ছিলাম।

নাট্যকারের সাথে পরামর্শ করে নিয়ে কিছুটা পরিশীলিত করে নিতে হল। নাটকে নির্যাতিত এক নারী ব্যক্তিগত যন্ত্রণার বদলা নিতে চাইছে এর বিপরীতে দাঁড়িয়ে দুই পুরুষ চরিত্র নাটকীয় দ্বন্দ্বের সৃষ্টি করে। নাটকের শেষে এসে মেয়েটা এবং আগন্তুক এক ভয়ানক ডিসকোর্সে পৌঁছায়। রাষ্ট্রের রাজনৈতিক চরিত্রের বৈপরীত্যের কারণে সাধারণ নাগরিক একে অপরের শত্রু হয়ে দাঁড়ায়। নাটকটি পড়তে ভালো লেগেছে, করতে ভালো লেগেছে, আপনাদের দেখে ভালো লাগলে আমাদের সার্থকতা।

অভিনয়ে ঃ নাসরিন অনু, সরওয়ার জাহান উপল, তৌফিকুল ইসলাম ইমন, ডায়না। নেপথ্য কুশীলব ঃ রচনা ঃ অপু শহীদ, নির্দেশনা , তৌফিকুল ইসলাম ইমন। আলো ঃ মোঃ মোখলেছুর রহমান, সেট ও প্রপস ঃ মোঃ আবু বকর সিদ্দিকি। সংগীত ঃ চার্লস নিলয় চৌধুরী, পোশাক ঃ আইরিন পারভীন লোপা, পোষ্টার ঃ রোকেয়া সুলতানা।