সৈয়দপুরে বাউস্ট সরেজমিন পরিদর্শনে ইউজিসি’র তিন সদস্যের প্রতিনিধি দল

সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
সৈয়দপুরে বাউস্ট সরেজমিন পরিদর্শনে ইউজিসি’র তিন সদস্যের প্রতিনিধি দল

ৈয়দপুর সেনানিবাসে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বাউস্ট) পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তিন সদদ্যের একটি প্রতিনিধি দল। শনিবার (১৭ জানুয়ারি) সকালে ইউজিসি’র প্রতিনিধি দলের সদস্যরা ওই পরিদর্শন করেন।

এ প্রতিনিধি দলে ছিলেন ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঁইয়া ও সিনিয়র সহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেন।

ইউজিসি প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ে পৌঁছলে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোবারক হোসেন মজুমদার,পিএসসি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লে. কর্নেল ড. মো. শামীম রেজা (অব.), রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, পিবিজিএম (অব:), এবং অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মেজর নাসিম হোসেন (অব:), সকল অনুষদের ডীনবৃন্দ, বিভাগীয় ও দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

পরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ইউজিসি প্রতিনিধি দলের উদ্দেশ্যে বাউস্ট এর সার্বিক কার্যক্রম, একাডেমিক অগ্রগতি ও অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

এ সময় ইউজিসি প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম, শিক্ষার্থীদের আবাসন সুবিধা, পরিবহন ব্যবস্থা এবং সামগ্রিক একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ খবর নেন।

এছাড়াও ইউজিসি প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থানকারী ছাত্রীদের নিরাপদ আবাসন ব্যবস্থা ও সুরক্ষা ব্যবস্থার প্রশংসা করেন। সেই সঙ্গে তাঁরা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি মুক্ত ক্যাম্পাস এবং সেশনজটমুক্ত শিক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পরবর্তীতে দুপুর ১২টায় ইউজিসি প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবন পরিদর্শন করেন।

এছাড়াও ইউজিসি প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত একাডেমিক ভবন ও আবাসিক হল পরিদর্শনের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এই পরিদর্শনের মাধ্যমে বাউস্টের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে ইউজিসি প্রতিনিধি দলের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।