পাঁচবিবির উচনা সীমান্তে ফের উত্তেজনা

কাঁটাতার স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ

জয়পুরহাট প্রতিনিধি ঃ
প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ
কাঁটাতার স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ

য়পুরহাটের পাঁচবিবির পুর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে ফের তাঁরকাটা দেয়ার চেষ্টা করেছে বিএসএফ। বিজিবির বাধায় তা বন্ধ হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরের দিকে কয়া বিওপির আওতাধীন সীমান্ত পিলার ২৮১/৪৮ এস এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (২০ বিজিবি)। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

বিজিবি সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে তিনটার দিকে ভারতের অভ্যন্তরে ডোমরান এলাকায় প্রতিপক্ষ ১২৩ চকগোপাল বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাঁশ ও লোহার অ্যাঙ্গেল ব্যবহার করে কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ শুরু করে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে কয়া বিওপির বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আন্তর্জাতিক সীমান্ত আইন ও বিদ্যমান চুক্তির কথা উল্লেখ করে বিএসএফকে কাজ বন্ধ করার আহ্বান জানায়।

বিজিবির আপত্তির মুখে বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া স্থাপনের কার্যক্রম বন্ধ করে পিছু হটে। এ সময় সীমান্ত এলাকায় কিছুক্ষণ উত্তেজনা বিরাজ করলেও উভয় পক্ষের সমঝোতায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি।

স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত এলাকায় বারবার এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় তারা শঙ্কিত। তাদের আশঙ্কা, কাঁটাতারের বেড়া স্থাপন করা হলে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হবে এবং সীমান্তবাসীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটবে। তারা এ বিষয়ে দ্রুত স্থায়ী ও কূটনৈতিক সমাধানের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগেও একই স্থানে একাধিকবার বিএসএফ কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা চালিয়েছে। প্রতিবারই বর্ডার গার্ড বাংলাদেশের হস্তক্ষেপে ওই কাজ বন্ধ হয়ে যায়। ধারাবাহিক এসব ঘটনায় ঘোনাপাড়া সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা ও আতংক বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।