মহেশখালীতে যৌথ অভিযানে অস্ত্র ও কার্তুজ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি ঃ
প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১২:২৭ অপরাহ্ণ
মহেশখালীতে যৌথ অভিযানে অস্ত্র ও কার্তুজ উদ্ধার

হেশখালীতে কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৮ জানুয়ারি) ভোর পাঁচটার দিকে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও টেকনাফের সদস্যরা বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় মহেশখালী থানাধীন ধলঘাটা উত্তর মুহুরি ঘোনা এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে আস্তানায় অবস্থানরত সন্ত্রাসীরা পালিয়ে যায়।পরবর্তীতে যৌথ বাহিনী ওই গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে আইনানুগ প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত রাখবে।এদিকে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী তৎপরতা নিয়ে উদ্বেগ থাকলেও, যৌথ বাহিনীর এমন অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন অনেকে।