সৈয়দপুর রেলওয়ে স্টেশনে অপ্রসস্থ প্লাটফর্ম, যাত্রীদের দুর্ঘটনার ঝুঁকি

সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৩:০৩ অপরাহ্ণ
সৈয়দপুর রেলওয়ে স্টেশনে অপ্রসস্থ প্লাটফর্ম, যাত্রীদের দুর্ঘটনার ঝুঁকি

ীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে চারলাইনের মাঝে অপ্রসস্থ উঁচু প্লাটফরম নিয়ে আতংকের সৃষ্টি হয়েছে। এতে ছোট-খাটো দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত । নির্মাণ ক্রটি ও দূরদর্শিতার অভাবে রেলওয়ে এ ধরণের প্লাটফরম নির্মাণ করায় যাত্রীরা চলাচলে বিপদের সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে বৃদ্ধ, শিশু ও নারী যাত্রীরা রয়েছেন মহা বিপাকে।

রেলওয়ে সূত্র জানায়, উত্তর জনপদের শিল্প ও বাণিজ্যিক শহর হিসেবে খ্যাত এলাকা সৈয়দপুর। দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা এ শহরে হওয়ায় নানাভাবে স্টেশনটি গুরুত্ব অপরিসীম। সৈয়দপুরের উপর দিয়ে প্রতিদিন আন্ত:নগর ট্রেনসহ ১৬টি ট্রেন চলাচল করছে। এছাড়া চলে মালবাহী গাড়িও। একই সাথে রেলওয়ে কারখানায় মেরামতের জন্য আসে রেলকোচ। জনগুরুত্ব বিবেচনায় গত ২০১৯ সালে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের চারলাইনের মাঝে যাত্রী উঠা-নামার সুবিধার্থে নতুন এশটি প্লাটফরম তৈরি করা হয়।

প্লাটফরমটির উচ্চতা তিন ফুট ৯ ইঞ্চি, চওড়া চার ফুট আর দৈর্ঘ্য এক হাজার ২৩০ ফুট। প্লাটর্মটি প্রসস্থ কম হওয়ায় দুটি ট্রেন পাশাপাশি লাইনে দাঁড়ালে যাত্রীদের দাঁড়ানোর জায়গা থাকে না। ঝুঁকি নিয়ে যাত্রীরা উঠা-নামা করেন ট্রেনে। মধ্যবর্তী প্লাটফরমটিতে পৌঁছাতে মুল স্টেশন থেকে নেই কোনো সংযোগ পথ। ফলে টপকে টপকে সেখানে যেতে হয় যাত্রীদের। বৃদ্ধ ও নারী যাত্রীরা এভাবে প্লাটফর্মে পৌঁছাতে পারেন না। বিশেষ করে লাগেজ নিয়ে যাওয়াটা প্রায় অসম্ভব। ঝাপিয়ে প্লাটফরমে পৌঁছাতে গিয়ে অনেকে আহত হয়েছে বলে জানান ওই সুত্রটি।

সরজমিন দেখা যায়, চারলাইনের মাঝে অপ্রসস্থ প্লাটফর্মে দেওয়া হয়নি ওভার ব্রিজের সংযোগ। প্লাটফর্মটির নির্মাণ ক্রটির কারণে ওভার ব্রিজের সংযোগও দেওয়া হয়নি। নারী ও শিশু যাত্রীদের দেখা যায় প্রায় আধাকিলোমিটার পথ ঘুরে স্টেশনের টার্মিনালে যেতে হয়। তারা লাগেজ নিয়েও বিপাকে পড়েন। এ দৃশ্য প্রতিদিনের বলে জানান ট্রেনের যাত্রীরা।

খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেন উঠতে আসা এরশাদ নামে এক যাত্রী বলেন, স্টেশনের ২ নম্বর প্লাটফর্মটি হচ্ছে মরণফাঁদ। উভয়মুখী ট্রেন স্টেশনে দাঁড়ালে ভয়াবহ আতংকের সৃষ্টি হয়। হুড়োহুড়ি করতে গিয়ে অনেকে প্লাটফর্ম থেকে ছিটকে পড়েন। আমিও একবার পড়েছিলাম। প্লাটফর্মটিতে ইঞ্জিনিয়ারিং ক্রটি রয়েছে বলে জানান তিনি। মরিয়ম বেগম নামের অপর এক যাত্রী বলেন, মাঝের প্লাটফর্মটি না বানালেই ভালো হতো। ওটা একটা দ্বীপের মতো। সেখানে যেতে অনেক কষ্ট ও ধকল পোহাতে হয়। তিনি প্লাটফর্মটি প্রসস্থ করে ওভারব্রিজের সাথে সংযোগের দাবি জানান।

সৈয়দপুর রেলওয়ে স্টেশন মাস্টার ওবাইদুল ইসলাম রতন স্বীকার করে বলেন, আসলেই ২ নম্বর প্লাটফরমটি ঝুঁকিপূর্ণ। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশাকরি দ্রুত এর সমাধান হবে।

সৈয়দপুর রেলওয়ে পূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী ( এইএন) তহিদুল ইসলাম জানান, যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে প্লাটফরমটি প্রসস্থ করণে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভাগ এ নিয়ে কাজ করছেন বলে জানান তিনি।