ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ভোলায় ২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, আপিলে ফিরে পেলেন আরও দুইজন

বিশেষ প্রতিনিধি ভোলা ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
ভোলায় ২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, আপিলে ফিরে পেলেন আরও দুইজন

্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলায় ২ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং আপিল বিভাগে মনোনয়ন ফিরে পেয়েছেন আরও ২ জন প্রার্থী। এর ফলে জেলায় বিভিন্ন রাজনৈতিক দলের মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জন। মঙ্গলবার (২০ জানুয়ারী) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এ তথ্য জানা গেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দলীয় সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে ভোলা-১ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থী গোলাম নবী আলমগীর আগেই তার মনোনয়ন প্রত্যাহার করেন। এদিকে শেষ দিনে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আবদুস সালাম তাঁর মনোনয়ন প্রত্যাহার করেন।

অন্যদিকে আপিলের মাধ্যমে মনোনয়ন ফিরে পেয়েছেন ভোলা সদর (ভোলা-১) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মো. আকবর হোসেন এবং ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. কামাল উদ্দিন।

ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার (২১ জানুয়ারি) বৈধ প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। রিটার্নিং কার্যালয় সূত্র জানায়, ভোলার ৪টি সংসদীয় আসনে মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

এর মধ্যে যাচাই-বাছাইয়ে ৭ জনের মনোনয়ন বাতিল হয়। পরে আপিল বিভাগে ২জন প্রার্থী তাঁদের মনোনয়ন ফিরে পান। সর্বশেষ মনোনয়ন প্রত্যাহারের পর বর্তমানে নির্বাচনী মাঠে রয়েছেন ২৪ জন প্রার্থী। আসন ভিত্তিক হিসাবে ভোলা-১ আসনে ৭ জন, ভোলা-২ আসনে ৬ জন, ভোলা-৩ আসনে ৫ জন এবং ভোলা-৪ আসনে ৬ জন বৈধ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলায় ৪টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ৯২ হাজার ৬৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৭৯ হাজার ৮৯৭ জন, নারী ভোটার ৮ লাখ ১২ হাজার ৭৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৬ জন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ভোলায় নির্বাচনী প্রচারণা আরও জমে উঠবে বলে মনে করছেন ভোটাররা। অন্যদিকে প্রার্থীদের আচরণ বিধি নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।