জয়পুরহাটে ২টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতসহ ৮ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

জয়পুরহাট প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
জয়পুরহাটে ২টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতসহ ৮ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাটের ২টি সংসদীয় আসনের ৮জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারী) সকালে জয়পুরহাট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে নির্বাচন আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা শেষে দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জয়পুরহাট জেলা প্রশাসক আল-মামুন মিয়া প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধানকে (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ফজলুর রহমান সাঈদকে (দাঁড়িপাল্লা) বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী ওয়াজেদ পারভেজকে (মই), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) তোফিকা দেওয়ানকে (কাস্তি) এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক নাহারকে (ঘোড়া মার্কা) প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এদিকে, জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বারীকে (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজকে (দাঁড়িপাল্লা) এবং এবি পার্টির প্রার্থী এস এ জাহিদকে (ঈগল মার্কা) প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনে বিএনপি, জামায়াতসহ ০৫ জন এবং জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে বিএনপি, জামায়াতসহ ০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে জয়পুরহাটে দুইটি আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ১৪ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই ও আপিল শেষে প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্তভাবে মাঠে রয়েছেন ০৮ জন প্রার্থী। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে জেলায় আনুষ্ঠানিক নির্বাচন কার্যক্রম শুরু হলো বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জয়পুরহাট সদর ও পাঁচবিবি নিয়ে গঠিত জয়পুরহাট-১ আসন। এখানে ভোট কেন্দ্র ১৫১ টি, মোট ভোটার- ৪,৬৬,২৭৪ জন।

কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর নিয়ে গঠিত জয়পুরহাট-২ আসন। এখানে ভোট কেন্দ্র ১০৪ টি। মোট ভোটার ৩,৫১,৫৭২ জন।