মাদ্রাসায় ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় হামলা

বদরুল আহসান সাকিব, পাথরঘাটা প্রতিনিধি (বরগুনা)ঃ
প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ
মাদ্রাসায় ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় হামলা

রগুনার পাথরঘাটায় একটি মাদ্রাসায় জাতীয় গণভোট–২০২৬ উপলক্ষে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সচেতনতামূলক কার্যক্রমে বাধা, ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছিতের অভিযোগ উঠেছে সাবেক আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে।

এ ঘটনায় উপজেলার কাঠালতলী ইউনিয়নের কালিবাড়ি কালিপুর দারুচ্ছুন্নাৎ সোমোদিয়া (কেডিএস) দাখিল মাদ্রাসায়।

এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বুধবার (২১ জানুয়ারি ) দুপুরে মাদ্রাসার মাঠে ভারপ্রাপ্ত সুপার আবু জাফর মো. সালেহ সংবাদ সম্মেলন করেন। এতে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্য ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।

এর আগে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আবু জাফর মো. সালেহ পাথরঘাটা থানায় এজাহার আবেদন করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি সকালে ছফিলপুর বাজারসংলগ্ন মাদ্রাসা চত্বরে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের নিয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আলোচনা চলাকালে কয়েকজন ব্যক্তি বাধা প্রদান করে। অভিযোগে বলা হয়, তারা মাদ্রাসায় অনধিকার প্রবেশ করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে এবং লোহার গেটে ধাক্কাধাক্কি করে ক্ষতিসাধন করে। একপর্যায়ে সুপারকে হুমকি দেওয়া হয় এবং তাকে রক্ষা করতে গেলে এক শিক্ষক শারীরিকভাবে লাঞ্ছিত হন। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০–১৫ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে বিশেষ ক্ষমতা আইন ও গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ লঙ্ঘনের কথা উল্লেখ করা হয়। ঘটনার পর বুধবার মাদ্রাসায় শিক্ষার্থীদের উপস্থিতি না থাকায় শ্রেণিকক্ষ ফাঁকা দেখা যায়। অভিভাবকদের অভিযোগ, শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানো হয়েছে।

অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য তরিকুল ইসলাম পিন্টু মুন্সি বলেন, তিনি ঘটনার সঙ্গে জড়িত নন এবং এটি পূর্বশত্রুতার জেরে করা মিথ্যা অভিযোগ। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, এজাহার আবেদন পাওয়া গেছে, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।