যশোরের ৬টি আসনে ৩৫ প্রার্থীকে প্রতীক বরাদ্দ: শুরু হলো ভোটের লড়াই আসন্ন

ভ্রাম্যমান প্রতিনিধি ( যশোর ) ঃ
প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
যশোরের ৬টি আসনে ৩৫ প্রার্থীকে প্রতীক বরাদ্দ: শুরু হলো ভোটের লড়াই আসন্ন

্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর জেলার ৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কনফারেন্স রুমে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান প্রার্থীদের হাতে এসব প্রতীক তুলে দেন।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহার শেষে যশোরের ৬টি আসনে ৩৫জন প্রার্থী ভোটের লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন। আজ প্রতীক বরাদ্দের দিনে জেলা রিটার্নিং অফিসার বিএনপি, জামায়াতে ইসলামী জাতীয় পার্টিসহ অন্যান্য নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীদের তাদের দলীয় প্রতীক বরাদ্দ দেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের পছন্দের তালিকায় থাকা সাধারণ প্রতীকগুলো বুঝিয়ে দেওয়া হয়।

প্রতীক বরাদ্দ শেষে জেলা রিটার্নিং অফিসার প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, আজ থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবেন, তবে তা অবশ্যই নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়মের মধ্যে হতে হবে।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রার্থী, তাদের প্রতিনিধি এবং জেলা নির্বাচন অফিসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর মাধ্যমে যশোরের নির্বাচনী ময়দানে উৎসবের আমেজ শুরু হলো।এদিকে প্রার্থী ও তাদের প্রতিনিধিরা আচরণবিধি মেনে প্রচারণার আশ্বাস দেন।