এসডিএফের হামলায় ৭ সিরিয় সেনা নিহত, আহত ২০

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
এসডিএফের হামলায় ৭ সিরিয় সেনা নিহত, আহত ২০

ছবি ঃ সংগ্রহ

িরিয়ার উত্তর-পূর্ব হাসাকাহ প্রদেশে একটি গোলাবারুদ স্থাপনা লক্ষ্য করে এসডিএফ সশস্ত্র গোষ্ঠীর চালানো ড্রোন হামলায় সাতজন সিরিয়ান সেনা নিহত এবং আরও ২০ জন আহত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) মন্ত্রণালয়ের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের বরাত দিয়ে জানিয়েছে, সেনা ইউনিটগুলো হাসাকাহ গ্রামাঞ্চলে আল-ইয়ারুবিয়া সীমান্ত ক্রসিংয়ের কাছে ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস এবং ড্রোন গোলাবারুদ তৈরির একটি জায়গা খুঁজে পেয়েছে।

মন্ত্রণালয় জানায়, ওই স্থাপনায় বেশ কয়েকটি ইরানি ড্রোন ছিল এবং এসডিএফ অস্ত্রশস্ত্র তৈরির প্রস্তুতি নিচ্ছিল। সেনারা স্থানটি পর্যবেক্ষণের সময় এসডিএফ একটি আত্মঘাতী ড্রোন দিয়ে তাদের লক্ষ্য করে। ফলে সাতজন সিরিয় সেনা নিহত এবং আরও ২০ জন আহত হন।

পৃথক এক বিবৃতিতে সেনাবাহিনীর অপারেশনস কমান্ড এই ঘটনাকে “বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি এবং যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন” হিসেবে বর্ণনা করে বলেছে, এসডিএফ সিরিয়ান এবং তাদের সেনাবাহিনীর ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং পূর্ববর্তী সমস্ত চুক্তি উপেক্ষা করছে।

এর আগে মঙ্গলবার সিরিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে বলা হয়, হাসাকাহ প্রদেশের ভবিষ্যৎ নিয়ে এসডিএফ গ্রুপের সাথে পারস্পরিক সমঝোতা হয়েছে। এদিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এসডিএফের সাথে চার দিনের যুদ্ধবিরতিওে ঘোষণা করেছে, যা স্থানীয় সময় রাত ৮টা থেকে কার্যকর হয়েছে। এর কয়েকঘণ্টা পরেই চালানো হয় এ হামলা।