ফকিরহাটে চোর চিনে ফেলায় গৃহিনীকে হত্যার অভিযোগ

ফটিক ব্যানার্জি, ফকিরহাট প্রতিনিধি (বাগেরহাট)ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
ফকিরহাটে চোর চিনে ফেলায় গৃহিনীকে হত্যার অভিযোগ

াগেরহাটের ফকিরহাট উপজেলায় চুরি করতে এসে চোরকে চিনে ফেলায় এক গৃহিনীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার বাহিরদিয়া–মানসা ইউনিয়নের মধ্যবাহিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহিনীর নাম মোমেনা বেগম (৪২)।

নিহত মোমেনা বেগম ওই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল খাঁনের স্ত্রী। তিনি স্থানীয় ইউপি সদস্য খাঁন জাহিদ হাসানের মেঝ ভাবি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে বিল্লাল খাঁন মানসা বাজারে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে ফিরে ঘরের ভেতরে স্ত্রীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় বাড়িতে নিহত গৃহিনী একাই ছিলেন।

খবর পেয়ে বাহিরদিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওহিদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করা হয়।

এসআই ওহিদুল হক জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে মরদেহের মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন এবং কানের নিচে আঘাতের দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিল-ঘুষি মারার পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। চোরকে চিনে ফেলায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

নিহতের স্বামী বিল্লাল খাঁন জানান, দুর্বৃত্তরা তার স্ত্রীকে হত্যার পর ঘর থেকে নগদ ২৩ হাজার টাকা, দুটি স্বর্ণের রুলি ও এক জোড়া স্বর্ণের কানের দুল নিয়ে গেছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের স্বামী বিল্লাল খাঁন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।