মাগুরার ছোটফলিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলেছে দুর্বত্তরা

বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
মাগুরার ছোটফলিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলেছে দুর্বত্তরা

াগুরায় একটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছোটফালিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে মাগুরা জেলার ৩০১টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদের নির্দেশনায় মঙ্গলবার বিকেল ৪টার দিকে ছোটফালিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দুটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়। তবে স্থাপনের তিন ঘণ্টার মধ্যেই একটি ক্যামেরা ভেঙে ফেলা হয়।

সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক ব্যক্তি বাঁশ দিয়ে আঘাত করে ক্যামেরাটি ভাঙচুর করেন। তবে আলোর স্বল্পতার কারণে তাঁর মুখ শনাক্ত করা সম্ভব হয়নি। ক্যামেরা ভাঙার ১০-১৫ মিনিট পর কয়েকজন যুবককে ওই এলাকায় অবস্থান করতে দেখা যায়। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, তাঁদের মধ্য থেকে কেউ এই ঘটনায় জড়িত থাকতে পারে।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক নির্বাচনের কার্যক্রম আরও সঠিক ও স্বচ্ছভাবে তদারকি করার লক্ষ্যে ২০ তারিখে এ বিদ্যালয়ের রাস্তা এবং খেলার মাঠ কাভারেজের জন্য দুটি সিসি ক্যামেরা স্থাপন করি। কিন্তু রাতেই ক্যামেরা ভাঙচুর হওয়ায় বিদ্যালয়ের নিরাপত্তা ও নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষকদের জানানো হয়েছে। স্থানীয় ছয় ছেলেকে শনাক্ত করেছি। এটি নিয়েই আমরা সামনের দিকে এগোচ্ছি। এ বিষয়ে আমরা একটি জিডি প্রস্তুত করেছি। যেহেতু তাৎক্ষণিক কোনো পদক্ষেপ গ্রহণ করিনি; সিসি ক্যামেরা দেখে পুরোপুরি দোষীদের শনাক্ত করে জিডি অথবা মামলা করা হবে।