সারা দেশে নির্বাচনী প্রচার শুরু

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ
সারা দেশে নির্বাচনী প্রচার শুরু

্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আনুষ্ঠানিক প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে গতকাল। এর মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু হয়েছে আজ।

আজ ২২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলো। নির্বাচনী আইন অনুযায়ী, প্রার্থীরা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত প্রচার চালাতে পারবেন।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে, যা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত।

বিএনপি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারসহ সাতটি জেলায় নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

এছাড়া জামায়াতে ইসলামী রাজধানীর মিরপুরে আদর্শ স্কুল মাঠে দুপুর ২টায় নির্বাচনী জনসভার আয়োজন করেছে। এই সমাবেশে জামায়াতের আমির শফিকুর রহমানসহ ১০-দলীয় জোটের নেতারা উপস্থিত থাকবেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন নেতার সমাধি ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচার শুরু করেছে। এনসিপি এরপর জাতীয় প্রেসক্লাব পর্যন্ত প্রচার কর্মসূচি পালন করবে।

সিপিবি তাদের নির্বাচনী প্রচার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শুরু করেছে। অপরদিকে, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাবার কবর জিয়ারত করে তাদের প্রচার কার্যক্রম শুরু করেছেন।