নওগাঁ-৩ আসনে জমে উঠেছে নির্বাচনী হাওয়া..তিন প্রার্থীর হাটবাজার ও পাড়া মহল্লায় পথসভা

মো: ফজলুর রহমান, নওগাঁ প্রতিনিধি ঃ
প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
নওগাঁ-৩ আসনে জমে উঠেছে নির্বাচনী হাওয়া..তিন প্রার্থীর হাটবাজার ও পাড়া মহল্লায় পথসভা

৮-নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী হাওয়া জমে উঠেছে। দাড়িপল্লা, ধানের শীষ এবং স্বতন্ত্র প্রার্থী কলস মার্কায় প্রার্থীসহ নেতাকর্মীরা বিভিন্ন হাট-বাজার, গ্রামের মোড়ে মোড়ে ও পাড়া মহল্লায় ওঠান বৈঠক, পথসভাসহ গনসংযোগে ব্যাস্ত সময় পার করছেন। গত ২৩ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও কেন্দ্রীয় নেতা মাওলানা মাহফুজুর রহমান, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বামন পাড়া টগর বাজার, বুড়িগ হাট,সহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক জনসংযোগ চালিয়ে পথসভায় বক্তব্য দেন।

জামায়াত প্রার্থী মাহফুজুর রহমান বলেন, “আমি নির্বাচিত হলে বেকার ভাতা নয়, সৎ কর্মসংস্থান তৈরি করবো, যাতে শিক্ষিত যুবকেরা বিবেক দিয়ে সঠিক ইনকামের পথে পরিচালিত হয়। মাদক সেবন সহ চাঁদাবাজি, দখলবাজি, টেণ্ডারবাজি,ধান্দাবাজি ও দাম্ভিকতার পথ থেকে সরে আসতে হবে, এসব জুলুমবাজির পথ এড়িয়ে চলতে হবে”।

অপরদিকে বিএনপি প্রার্থী ফজলে হুদা বাবুল ধানের শীষের মার্কা নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন যায়গায় গনসংযোগ সহ পথসভায় বক্তব্য দেন।

তিনি বলেন, ” নওগাঁর মধ্যে বদলগাছী উপজেলা কৃষি প্রধান এলাকা। আমি নির্বাচিত হলে এ উপজেলার কৃষকদের মুল্যায়নের ব্যবস্থা করবো। কৃষক উন্নয়নের কাজ করবো।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতি থাকবে না”।

সাবেক ডেপুটি স্পীকার আক্তার হামিদ সিদ্দিকীর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি বিএনপি’র বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে কলস মার্কা নিয়ে মাঠে ব্যাপক গনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, “তাঁর পিতার অসমাপ্ত কাজ গুলি সমাপ্ত করার পরিকল্পনা ও লক্ষ্য নিয়েই মাঠে অবস্থান নিয়েছি। তাই আমি আপনাদের সহযোগিতা একান্ত কামনা করছি”।

বিভিন্ন হাটবাজারের চায়ের আড্ডায় আলোচনায় জানা যায় বিএনপির ধানের শীষের মনোনয়ন না পাওয়ায় সাবেক ডেপুটির ছেলে কলস মার্কা নিয়ে মাঠে স্বতন্ত্র প্রার্থী হিসাবে পিতার আদর্শ ও স্মৃতিকে কাজে লাগিয়ে জনগণের দ্বারপ্রান্তে ভোটের মাঠে হার্ড লাইনে রয়েছেন।

বিএনপির বিদ্রোহী শক্ত প্রার্থী মাঠে সক্রিয় থাকার সুবাদে ও  কলসের হার্ডলাইনের বার্তা দেখিয়ে জামায়াত নেতাকর্মীরা ফুরফুরে মেজাজে সুকৌশলে জনগণের হৃদয় দখলে সামনে দ্রুতগতিতে এগিয়ে চলেছেন।

অপরদিকে দাঁড়িপাল্লা ও কলস কে হারাতে উপজেলার ৮ টি ইউনিয়নের ধানের শীষের নেতাকর্মীরা মরিয়া, বিশেষ করে মিঠাপুর ইউনিয়ন বিএনপির ধানের শীষের নেতাকর্মীরা পূর্বের ইতিহাস কে রক্ষা করার জন্য পাড়া মহল্লার মুরব্বি নারী পুরুষ, গরীব, অসহায় সাধারণ মানুষের দাঁড়ে দাঁড়ে হাত ধরিয়ে বিভিন্ন কৌশলের অনুরোধ জানিয়ে ধানের শীষের পক্ষে ভোটের প্রার্থনা করছেন । জাতীয় পার্টির প্রার্থী থাকলেও মাঠে নেই।

মাঠ পর্যায়ের ভোটারের সাথে কথা বলে ও চুলচেরা বিশ্লেষণ করে দেখা যায়, আমের রাজধানী ও বৃহত্তর নওগাঁর জেলার এ আসনে সর্বোচ্চ সংখ্যক ৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়ে প্রতিক বরাদ্দ পেলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দাঁড়িপাল্লা, ধানের শীষ ও কলস প্রতিকের মধ্যে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ৭৮৫। এর মধ্যে দেশে অবস্থানকারী ভোটার সংখ্যা মোট ৪ লাখ ৩৬ হাজার ৯০৫ জন। আর প্রবাসী বা পোষ্টাল ভোটার হচ্ছে ৩ হাজার৮৮০ জন।