রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক নয় -মির্জা ফখরুল

আবু সাঈদ, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ
প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ
রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক নয় -মির্জা ফখরুল

িএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দেশে হিন্দু-বৌদ্ধসহ অন্যান্য ধর্মের মানুষেরা আছে। ধর্ম টেনে আনলে পক্ষপাতিত্ব হয়ে যাবে। রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক নয়।

আজ রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও দাখিল মাদরাসা মাঠে নির্বাচনী গণসংযোগে এসব মন্তব্য করেন তিনি।

এর আগে স্থানীয় ভোটারদের কাছে বিভিন্ন সমস্যার কথা শোনেন মির্জা ফখরুল। ভোটাররা বিগত আমলে জুলুম নিপিড়ন ও জমি দখলের কথা জানান।

এর প্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, আপনাদের জন্য এর আগেও পৌরসভার চেয়ারম্যান থাকাকালে কাজ করেছি। সংসদে গিয়েও কাজ করেছি। আমাকে আপনারা দীর্ঘদিন ধরে চেনেন। আমার নতুন করে পরিচয় দেবার কিছু নেই। আমার গোটা পরিবারকে আপনারা চেনেন।

বাবা-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি, আপনাদের আমানতের খেয়ানত করবো না। আপনাদের সব সমস্যার স্থায়ী সমাধান করবো। আপনারা অভিযোগ করেছেন এখানে বিগত আওয়ামী লীগ সরকারের দুর্বৃত্তদের অত্যাচারে অতিষ্ঠ এগুলো আর থাকবে না। আমার দলের কেউ দুর্বৃত্তায়নে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেব।

মির্জা ফখরুল বলেন, ১৫ বছর মামলা আর পুলিশের তাড়ায় ছিলাম। এমন কেউ নেই বিএনপির যে মামলা হয়নি। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে। ঠাকুরগাঁওয়ে দিয়েছে সাড়ে ৭ হাজার। অনেক কষ্ট হয়েছে, টাকা খরচ হয়েছে। হাসিনা পালানোর পর মামলা তুলে নেওয়া হয়েছে। আওয়ামী লীগ যা করেছে তা আমাদের দলের কেউ করবে না।

এসময় দলটির নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির পার্থক্য হলো—বিএনপি পরীক্ষীত দল। আমাদেরকে আপনারা সবাই চেনেন। ক্ষমতায় এলে মায়েদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কার্ড দিয়ে ন্যাযমূল্যে চাল-ডাল, আটা পাবেন। হাসপাতালে গেলে চিকিৎসা পাবেন।

সন্তানদের শিক্ষায় ভূমিকা রাখতে পারবেন। কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে। সার-বিষ ন্যায্যমূল্যে পাওয়া যাবে।