শেখ হাসিনা চলে গিয়ে আমাদের বিপদে ফেলে দিয়েছে – মির্জা ফখরুল

আবু সাঈদ, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ
প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
শেখ হাসিনা চলে গিয়ে আমাদের বিপদে ফেলে দিয়েছে – মির্জা ফখরুল

াবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গিয়ে আমাদের বিপদে ফেলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি এ কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, আগে নৌকা আর ধানের শীষ ছিল, ধানের শীষ ও নৌকার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতো। এখন আর নৌকাটা নাই। নৌকার যিনি কান্ডারী আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আপনাদের ফেলে ভারতে চলে গেছে দিল্লিতে গিয়ে বসে আছে। আর আমাদেরকে বিপদে ফেলে গেছে তাইনা। শেখ হাসিনা থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থায় চলতো তাইনা।

তিনি বলেন, আমরা বুড়া হয়ে গেছি, বহুবার নির্বাচন করছি, এমপি হইচি। সরকার চালানোর অভিজ্ঞতা আমাদের আছে।

আমার তো শেষ সময়, এটাই আমার হয়তো শেষ নির্বাচন, আমি আপনাদের কাছে শেষ সময়ে এসেছি; এবার আপনারা আমাকে আরেকবার সুযোগ দিবেন। ধানের শীষে ভোট দিয়ে আপনাদের কাজ করার সুযোগ করে দিবেন।

মির্জা ফখরুল বলেন, আমরা বাংলাদেশটাকে স্বাধীন করেছিলাম, পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছি। পাকিস্তান আমাদের ওপর খুব অত্যাচার করতো, এজন্য আমরা আলাদা হয়ে বাংলাদেশটাকে স্বাধীন করেছিলাম।

তিনি বলেন, সেসময় যারা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য, সহযোগিতা করছে; আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করছে এখন আবার ওরাই ভোট চাচ্ছে! তারাই ভোট চাচ্ছে দেশ চালাবে।

ফখরুল বলেন, যে দলটা আমার দেশটাকেই বিশ্বাস করেনা, স্বাধীনতাকে বিশ্বাস করেনা; তার কাছে ভোট দিয়ে দেশের সর্বনাশ করবো নাকি? করবো না তাইনা? এই কথাটা আমাদেরকে বুঝতে হবে।

তিনি বলেন, আমরা ১৯৭১ সালকে সবসময় মাথার ওপরে রাখতে চাই, কারণ ওইটাই আমাদের অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব।

মির্জা ফখরুল বলেন, আমরা রাজনীতি করি ব্যবসা করার জন্য না, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। বাপের বাড়িঘর, জমিজমা বেঁচে রাজনীতি করি। নতুন করে জমিজমা, বাড়িঘর কিনি নাই। আজকে একটা সুযোগ আসছে আপনাদের সঠিক সিদ্ধান্তের ফলে দেশটার কল্যাণ করতে পারবো। আপনারা যদি আমাকে সেই সুযোগ দেন তাহলে আপনাদের সেবা করার সুযোগ পাবো।