প্রচারণাকালে বিশৃংখলা: ভোলার চরফ্যাশনে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

শরীফ হোসাইন, বিশেষ প্রতিনিধি ভোলা ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
প্রচারণাকালে বিশৃংখলা: ভোলার চরফ্যাশনে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

োলার চরফ্যাশন পৌরসভায় নির্বাচনী প্রচারণাকালে দুই দলের কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটির নেতা-কর্মীরা এবং সকালে চরফ্যাশন ফরাজী মার্কেটের আল বারাকা হজ অফিসে সংবাদ সম্মেলন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরফ্যাশন-মনপুরা আসনের প্রার্থী কামাল উদ্দিন।

সংবাদ সম্মেলনে চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন বলেন, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আনা নারী হেনস্থার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

গতকাল বুধবার সকালে চরফ্যাশন পৌরসভার ৬নং ওয়ার্ডে ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিনের মেয়ে মারিয়া কামালসহ কয়েকজন নেতা হাতপাখা প্রতীকের পক্ষে গণসংযোগ করছিলেন। এ সময় স্থানীয় কয়েকজনের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়।

তিনি আরও বলেন, ঘটনার সময় স্থানীয় মসজিদের ইমাম হাফেজ আলাউদ্দিন ভিডিও ধারণ করতে গেলে তার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয় এবং তাকে মারধর করা হয়। পরে আহত অবস্থায় তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার দিন বিকেলেই উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়। এরপরও ইসলামী আন্দোলন বাংলাদেশ নারী হেনস্থার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।

এছাড়া সকালে সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী প্রফেসর এএমএম কামাল উদ্দিন বলেন, তার মেয়ে ও আসন নির্বাচন পরিচালনা কমিটির সভানেত্রী মারিয়া কামালের ওপর হামলা ও হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।