সৈয়দপুরে ৯ম জাতীয় পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
সৈয়দপুরে ৯ম জাতীয় পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন

ম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন, ১:৪ অনুপাতে ১২ গ্রেড কাঠামো প্রবর্তন, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে নতুন পে-স্কেল কার্যকরের একদফা দাবিতে নীলফামারীর সৈয়দপুরে সরকারি কর্মচারীদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) বেলা ১২টায় সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মচারীরা অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান বেতন কাঠামো বাস্তব জীবনের ব্যয়ভার ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। ফলে সরকারি কর্মচারীরা সঠিক জীবনযাপন, পরিবার পরিচালনা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চরম সংকটে পড়ছেন। বিদ্যমান পে-স্কেলে গ্রেডভিত্তিক বৈষম্য, পদভিত্তিক অসামঞ্জস্য ও আর্থিক বৈষম্য প্রশাসনিক কাঠামোকে দুর্বল করছে।

তাঁরা বলেন, ১:৪ অনুপাতে ১২ গ্রেড কাঠামো বাস্তবায়িত হলে প্রশাসনিক ভারসাম্য প্রতিষ্ঠিত হবে, চাকরির মর্যাদা রক্ষা পাবে এবং কর্মচারীদের মধ্যে বৈষম্য কমবে। পাশাপাশি সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ সময়ের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি যৌক্তিক দাবি, যা কর্মচারীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ১ জানুয়ারি ২০২৬ থেকে ৯ম জাতীয় পে-স্কেল কার্যকর করা না হলে কেন্দ্রীয় কর্মসূচির ঘোষণা অনুযায়ী কঠোর পদক্ষেপ নিবেন তাঁরা।