নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় মর্মান্তিকভাবে ৫ জন নিহত

মো: ফজলুর রহমান, নওগাঁ প্রতিনিধি ঃ
প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় মর্মান্তিকভাবে ৫ জন নিহত

ওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় অটোভ্যানের যাত্রী ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর ৫ জন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। আজ শনিবার (৩১জানুয়ারি) ভোরে উপজেলার পাটকাঠি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, উপজেলার নুরপুর গ্রামের মৃত খোকা পাহানের ছেলে বীরেন পাহান (৫০), মাংড়া উড়াও এর ছেলে সঞ্জু উড়াও (৫০), মৃত নরেন পাহান ছেলে শ্রী উজ্জ্বল পাহান(২৫),অনিল পাহান বাটু এর ছেলে বিপ্লব বড়ুয়া (২৫) ও জিটুয়া পাহাড় এর ছেলে বিপুল পাহান (২২)। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে যায়, ডাম্প ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পথে পাটকাঠি নামক স্থানে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তিনজন মারা যান।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ইমরুল কায়েস বলেন, ভোর সাড়ে ৪টার দিকে সড়কে দুর্ঘটনা ঘটে। হাসপাতালে গুরুতর অবস্থায় তিনজনকে ভোর ৫টার দিকে নিয়ে আসা হয়। এ ঘটনায় পাঁচজন মারা গেছেন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। তবে ভোরে সড়কে লোকজনের উপস্থিতি কম থাকায় দুর্ঘটনার পরপরই ড্রাম ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে।