নির্বাচনী মৌসুমে কর্মহীনতায় ভুগছে দিনাজপুরের বিরামপুর ছাপাখানা শিল্প

মাসুদুল হক রুবেল, হাকিমপুর প্রতিনিধি (দিনাজপুর) ঃ
প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ
নির্বাচনী মৌসুমে কর্মহীনতায় ভুগছে দিনাজপুরের বিরামপুর ছাপাখানা শিল্প

্রতীক বরাদ্দের আগে ও পরে প্রার্থীদের আনাগোনায় মুখর থাকত বিরামপুর শহরের ঢাকা মোড় এলাকার ছাপাখানা গুলো। আগের নির্বাচনে প্রার্থীদের অন্তত পাঁচ লক্ষাধিক ব্যানার ও পোস্টার ছাপানো হয়েছিল। তবে এবারের নির্বাচনে সেই চিত্র ভিন্ন।

এবারই প্রথম নির্বাচনী আচরণবিধিতে পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ফলে বদলে গেছে প্রচারের ধরন। ব্যানার, ডিজিটাল ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল, স্টিকার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেই এখন প্রচার চালাচ্ছেন প্রার্থীরা।

পোস্টার নিষিদ্ধ হওয়ায় ছাপাখানা মালিক ও কর্মচারীরা পড়েছেন বিপাকে। অনেক কর্মচারী আশা করেছিলেন নির্বাচনের সময় কাজের চাপ বাড়বে, কিন্তু এখন অলস সময় পার করছেন তারা। একজন ছাপাখানা মালিক জানান, আগে নির্বাচনের সময় টানা ১০ থেকে ১৫ দিন দিন-রাত ২৪ ঘণ্টা কাজ চলত। অথচ এবার প্রতীক বরাদ্দের কয়েক দিন পার হলেও তেমন কোনো কাজ নেই। বর্তমানে কাজের পরিমাণ আগের তুলনায় অনেক কমে গেছে।

আগামী ১২ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনকে সামনে রেখে ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রার্থীরা শুধুমাত্র লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন ব্যবহার করতে পারবেন। তবে এসব প্রচারণা সামগ্রী কোনো দালান, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুৎ বা টেলিফোনের খুঁটি, সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের স্থাপনা কিংবা যানবাহনে লাগানো যাবে না।

পোস্টার নিষিদ্ধের সিদ্ধান্তে একদিকে শহরের সৌন্দর্য রক্ষা হলেও অন্যদিকে প্রভাব পড়েছে ছাপাখানা শিল্পে। পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যায়, সে দিকেই এখন তাকিয়ে সংশ্লিষ্টরা।