নীলফামারী -৪ আসনের জাপা প্রার্থী সিদ্দিকুল আলমকে হামলার ঘটনায় সংবাদ সম্মেলন

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
নীলফামারী -৪ আসনের জাপা প্রার্থী সিদ্দিকুল আলমকে হামলার ঘটনায় সংবাদ সম্মেলন

ীলফামারী-৪ আসনে জাতীয়পার্টির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিকের গাড়িবহরে অতর্কিত হামলার অভিযোগে বিএনপি প্রার্থী গফুর সরকারসহ ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০/৫০ জনকে আসামি করে কিশোরগঞ্জ থানায় অভিযোগ দেয়া হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর শহরের ইকু হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনের এ তথ্য জানান জিএম মাসুদ রানা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাপা প্রার্থী আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক।

লিখিত বক্তব্যে তিনি বলেন ১ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ৮ টায় কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে সৈয়দপুর আসার সময় পূর্বপরিকল্পিতভাবে তার গাড়িবহরে হামলা চালানো হয়। বিএনপি প্রার্থী গফুর সরকারের নির্দেশে একদল যুবক দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে হামলা চালায়।

এতে তাঁর ব্যবহৃত গাড়ি (ঢাকা মেট্রো ঘ-১৫-০৭৮৮, নিশান এক্সট্রেইল) ভাঙচুর করা হয়। এতে ক্ষয়ক্ষতি হয় প্রায় ৩ লাখ টাকার মতো। পাশাপাশি তার সফরসঙ্গীদের উপর এলোপাতাড়ি মারধর করা হলে অন্তত ৭/৮ জন গুরুতর আহত হন বলে লিখিত বক্তব্যে দাবি করেন তিনি।

অভিযোগে আরও উল্লেখ করেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিএনপি প্রার্থী গফুর সরকার ৩০/৪০টি মোটরসাইকেল ও তিনটি গাড়ির বহর নিয়ে হামলায় অংশ নেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মোঃ সফিকুল ইসলাম, মোঃ বিপ্লব, মোঃ সোহেলসহ স্থানীয় আরও অনেকে ঘটনাটি দেখেছেন।

আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক বলেন, হামলাটি পরিকল্পিত রাজনৈতিক সহিংসার সামিল। এটি শুধু একজন প্রার্থীর ওপর নয়, এটি গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার ওপর সরাসরি আঘাত হানা। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনী মাঠে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি বলে জানান তিনি।

এসব বিষয়ে জানতে চাইলে বিএনপির প্রার্থী আলহাজ্ব গফুর সরকার বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমার জনপ্রিয়তা দেখে ভোটারদের বিমুখ করতেই মিথ্যার আশ্রয় নিয়ে হামলার নাটক সাজানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।