ভারতের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ লাল সবুজের মেয়েরা

ক্রীড়া ডেস্ক ঃ
প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪৮ অপরাহ্ণ
ভারতের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ লাল সবুজের মেয়েরা

াফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভারতকে মোকাবিলা করছে বাংলাদেশ। ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে পিটার বাটলারের দল। আগের ম্যাচে ভুটানকে ১২-০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করেছিল লাল সবুজের মেয়েরা। দ্বিতীয় ম্যাচেও সেই ছন্দ ধরে রেখে এরই মধ্যে শক্তিশালী ভারতের বিপক্ষে দুই গোলের লিড নিয়েছেন অর্পিতা বিশ্বাসরা।

নেপালের পোখারায় শুরু থেকে বাংলাদেশের রক্ষণে আতঙ্ক ছড়ায় ভারত। পঞ্চম মিনিটে গোলের ভালো সুযোগও পেয়েছিল দলটি। থ্রু বল পেয়ে বক্সে ঢুকে পড়েন প্রীতিকা। তবে বাংলাদেশ গোলকিপার দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়েন বলের লাইনে, শেষ মুহূর্তে ভারতীয় ফরোয়ার্ড শট নিলেও তা লক্ষ্যে রাখতে পারেননি। পরের মিনিটে বাংলাদেশের বক্সে উড়ন্ত বলে মাথা ছোঁয়াতে পারলে গোল পেতে পারতেন পার্ল ফার্নান্দেজ।

সময় গড়ানোর সঙ্গে ধীরে ধীরে ছন্দে ফেরে বাংলাদেশ। লেফট উইং দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা করেন মামনি চাকমা। ২৯ মিনিটে এই উইঙ্গারের দারুণ এক ফ্রি কিক থেকে লিড নেয় বাংলাদেশ। ডান পাসের কর্নারের কাছ থেকে সরাসরি গোলে শট নেন মামনি চাকমা। বল ঠিকানা খুঁজে নিচ্ছিলো জালের, লাফিয়ে ফিস্ট করে বল বের করার চেষ্টা করেন ভারত গোলকিপার মুন্নি। তাঁর হাতে লেগে বল মাটিতে পরার মুহূর্তে ফাইনাল টাচে জালে ঠেলে দেন অর্পিতা।

৩৭ মিনিটে ম্যাচে জোড়া পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ। মাঠে নামেন বন্যা খাতুন ও শান্তি মার্ডি। দারুণ খেলতে থাকা মামনির সঙ্গে ক্রানুচিং মারমাকে তুলে দেন পিটার বাটলার।

আগের ম্যাচেও ভালো খেলেছেন মামনি। আজ ম্যাচের ৩৭ মিনিটে এই উইঙ্গারের বদলিই মনে করিয়ে দেয়া বাংলাদেশ এই টুর্নামেন্টে কেবল জয়ই চায় না, খেলোয়াড়দের পরীক্ষা করতে চান ব্রিটিশ কোচ। প্রতিযোগিতা শুরুর আগে যেমনটা বলেছিলেন তিনি।

৪০ মিনিটে আলপির গোলে লিড দ্বিগুণ করে বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে বক্সে ক্রস দেন তৃষ্ণা রানী। প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে টপকে বলের লাইনে পা ছুঁইয়ে ম্যাচে দ্বিতীয়বারের মতো উৎযাপনের সুযোগ এনে দেন নারী লিগের এবারের মৌসুমে সর্বোচ্চ ৩০ গোল করা আলপি।

৪২ মিনিটে নিজের দ্বিতীয় গোলের সুযোগ হারান আলপি। পুজার লং বল হেডে মাটিতে নামান আলপি, কিন্তু গোলমুখের সামনে থেকেও গোল করতে পারেননি এই ফরোয়ার্ড। এগিয়ে আসা গোলকিপারের মাথার উপর দিয়ে নেওয়া আলপির চিপ শট যায় গোলবারের উপর দিয়ে।

যোগ করা সময়ের প্রথম মিনিটে প্রীতিকার শট লাফিয়ে গ্লাভসবন্দি করেন বাংলাদেশ গোলকিপার ইয়ারজান বেগম। শেষ পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।