এলপি গ্যাসে ভ্যাট-ট্যাক্স অব্যাহতির প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ
এলপি গ্যাসে ভ্যাট-ট্যাক্স অব্যাহতির প্রস্তাব অনুমোদন

রলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহ স্বাভাবিক রাখতে স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট-ট্যাক্স অব্যাহতির প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

এর ফলে বাজারে এলপি গ্যাসের দাম কমে আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস সচিব সাংবাদিকদের এ কথা জানান।

এদিন তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন পায়। বৈঠকে সভাপতিত্ব করেন করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বৈঠকের পর ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এলপিজির স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ের ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।’

‘এটার ফলে যেটা হবে, এলপি গ্যাসের উপরে যে করভার, তা একটু হলেও কমবে এবং এর ফলে লোকাল মার্কেটে এলপিজির দাম আরও কমে আসবে।’

জানুয়ারি মাসের শুরুর দিকে সরবরাহ সংকট, কারসাজির অভিযোগ এবং বিভিন্ন স্থানে অভিযানের মধ্যে ব্যবসায়ীরা এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ করে দেয়।

পরে সরবরাহ স্বাভাবিক রাখতে এলপিজি আমদানিতে ভ্যাট ১০ শতাংশ নির্ধারণ এবং স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট-ট্যাক্স অব্যাহতির সুপারিশ করে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছিল জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।