কারাবন্দী প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন

আবু সাঈদ, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ
প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ
কারাবন্দী প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন

্রবীণ আওয়ামী লীগ নেতা, সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের পাঁচবারের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন মারা গেছেন।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরআগে তিনি সকালে অসুস্থ হয়ে পড়লে কারাগার থেকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু।

তিনি বলেন, শনিবার সকালে দিনাজপুর কারাগারে থাকা অবস্থায় প্রবীণ আওয়ামী লীগ নেতা রমেশ চন্দ্র সেন শারিরীক অসুস্থতা বোধ অনুভব করেন। এসময় কারাগার কর্তৃপক্ষ রমেশ চন্দ্র সেনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রমেশ চন্দ্র সেনকে মৃত ঘোষণা করেন।

রমেশ চন্দ্র সেন দীর্ঘদিন ধরে নানা ধরনের রোগে আক্রান্ত ছিলেন বলে জানান আওয়ামী লীগ নেতা অ্যাড. মোস্তাক আলম টুলু।

দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার বলেন, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ রমেশ চন্দ্র সেনকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায়। সেখান থেকে ১৭ আগস্ট রমেশ চন্দ্র সেনকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। তিনি হত্যাসহ ৩টি মামলায় কারাগারে ছিলেন।

কারাগারের জেলার মো. ফরহাদ সরকার বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালে আওয়ামী লীগ পতনের পর ১৬ আগস্ট ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ার নিজ বাসা থেকে রমেশ চন্দ্র সেনকপ গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে বেশ কয়েকটি মামলায় তিনি দিনাজপুর কারাগারে ছিলেন

রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মাতার নাম বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে পড়ালেখা করেন।পাঁচবারের এমপি ছিলেন তিনি।

সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও প্রেসিডিয়াম সদস্য ছিলেন।