জামায়াত ক্ষমতায় এলে দেশকে আবার পাকিস্তান বানিয়ে দিবে : নিলোফার মনি

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
জামায়াত ক্ষমতায় এলে দেশকে আবার পাকিস্তান বানিয়ে দিবে : নিলোফার মনি

িরাজগঞ্জের চৌহালীতে বিএনপির কেন্দ্রীয় সহ-সম্পাদক নিলোফার চৌধুরী মনি বলেছেন, জামায়াত যদি একবার রাষ্ট্রক্ষমতায় আসে, তাহলে দেশকে আবার পাকিস্তান বানিয়ে দিবে। এতে মুক্তিযুদ্ধের চেতনা ক্ষতিগ্রস্ত হবে এবং নারীদের অধিকার সংকুচিত হবে। শনিবার বিকেলে চৌহালী ডিগ্রি কলেজ মাঠে সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী) আসনে বিএনপির নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

নিলোফার চৌধুরী মনি বলেন, জামায়াতের নেতৃত্ব নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেছে। তারা ক্ষমতায় গেলে দেশ আবার স্বাধীনতার আগের অবস্থায় ফিরে যাবে। মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানি বাহিনীর পক্ষে ছিল। তারা নারীদের ঘরে আটকে রাখতে চায়, কিন্তু আমরা চাই নারীরা কাজ করুক, এগিয়ে যাক।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য বিসিএস, প্রাথমিক শিক্ষকতাসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে। নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

বিএনপির এই নেত্রী বলেন, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি।আমরা ৭১ সালে হারিনি, ২৪ সালেও হারিনি। তাই ভোটের দিন ধানের শীষে ভোট দিন। ধানের শীষে ভোট দিলে বেকার নারী–পুরুষের কর্মসংস্থান হবে, বেকারত্ব কমবে।

তিনি সিরাজগঞ্জ–৫ আসনের প্রসঙ্গে বলেন, বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম নির্বাচিত হলে যমুনা নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণসহ টাওয়ার ও যোগাযোগ সংক্রান্ত সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

নিলোফার মনি বলেন,দেশে দুটি শক্তি আছে একটি স্বাধীনতার পক্ষের, আরেকটি স্বাধীনতার বিপক্ষের। যারা মা–বোনদের নিয়ে কটূক্তি করে, তাদের রুখতে ভোটের দিন সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে।

জনসভায় এর আগে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৫ আসনের ধানের শীষের বিএনপির মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম। এ ছাড়া জেলা ও উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।