নওগাঁয় বাংলা ইশারা দিবস পালন

মো: ফজলুর রহমান, নওগাঁ প্রতিনিধি ঃ
প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
নওগাঁয় বাংলা ইশারা দিবস পালন

ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।শনিবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মোহতাসিম বিল্লাহ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট সাবেরা সুলতানা আল আমান্না, রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান, আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওছিম উদ্দিনসহ সংশ্লিষ্টরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অনামিকা নজরুল।

বক্তারা বলেন, ভাষা আন্দোলনের মাসে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারা সব ক্ষেত্রে বাংলা ইশারা ভাষার ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী ও বুদ্ধি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জেলায় বাংলা ইশারা ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে সমাজসেবার অংশ হিসেবে ৮ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।